ভারী তুষারপাতে দক্ষিণ কোরিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিনে দেশটির রাজধানী সিউলসহ বেশ কয়েকটি এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। ভারী তুষারপাতে দেশটিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক তুষারপাতের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ১২শর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে বুধবার সন্ধ্যায় দেশটির পুলিশ জানিয়েছিল, গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ি আটকে যাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়।










