ভারতের নতুন আয়কর কাঠামো অনুযায়ী, বার্ষিক
আয় সাত লাখ রুপি হলে আয়কর দিতে হবে না। তবে এর সঙ্গে কিছু সুবিধা মিলিয়ে অঙ্কটা বেশি
বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খবর হিন্দুস্থান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ছাড়ের কারণে
বাস্তবে বার্ষিক সাত লাখ ২৭ হাজার রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো আয়কর দিতে হবে না।
নির্মলা সীতারামন জানান, যদি কারো বার্ষিক
আয় সাত লাখ ২৭ হাজার রুপির গণ্ডি ছাড়িয়ে যায়, তবেই তাকে নয়া কর কাঠামোর আওতায় কর দিতে
হবে।
সেইসঙ্গে তিনি দাবি করেন, দ্বিতীয় নরেন্দ্র
মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ সাধারণ বাজেটে মধ্যবিত্তদের একাধিক কর সংক্রান্ত সুযোগ-সুবিধা
প্রদান করা হয়েছে। সমাজের কোনো অংশকেই দূরে সরিয়ে রাখেনি সরকার।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) কর্ণাটকের উদুপ্পিতে
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় যখন নয়া আয়কর
কাঠামোর ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই ধাঁধায় পড়ে গিয়েছিলেন। যাদের বার্ষিক আয় সাত
লাখ টাকার সামান্য বেশি, তাদের কী হবে, সেটা ভেবে সংশয়ে পড়ে গিয়েছিলেন অনেকে। সেজন্য
আয়কর কাঠামোর বিশ্লেষণে তারা আলোচনায় বসেন বলে দাবি করেছেন সীতারামন।










