ওয়াশিংটনের রুশ বিরোধী অবস্থানের প্রতিক্রিয়ায় ৯২ জন মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদের মধ্যে সাংবাদিক, আইনজীবী এবং গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প প্রতিষ্ঠানের প্রধানরা রয়েছেন বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার (২৮ আগস্ট) জানিয়েছে। খবর রয়টার্স।
স্নায়ুযুদ্ধোত্তর সময়ে ইউক্রেন যুদ্ধ মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নিয়ে গেছে তলানিতে। গত মঙ্গলবার ক্রেমলিন বলেছিল যে, পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে। আর এর মাধ্যমে আগুন নিয়ে খেলছে পশ্চিমা বিশ্ব।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞায় থাকা ১৪ জন ওয়াল স্ট্রিট জার্নালের কর্মচারী, নিউইয়র্ক টাইমসের পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজন সাংবাদিকের নাম প্রকাশ করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ সম্প্রতি ১৬ মাস রাশিয়ায় আটক থাকার পর বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন। রাশিয়ার এই নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ এবং স্বাধীন সংবাদমাধ্যমের ওপর আক্রমণের অংশ হিসেবে বর্ণনা করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা উদার বিশ্বায়নপন্থী প্রধান সংবাদমাধ্যমগুলোর সম্পাদনা কর্মী এবং প্রতিবেদকদের লক্ষ্যবস্তু করছে, যারা রুশ সশস্ত্র বাহিনী সম্পর্কে ভুয়া খবর তৈরি এবং প্রচার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা বর্তমান মার্কিন কর্তৃপক্ষকে তাদের শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য শাস্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছি—সেটা সরাসরি জেলেনস্কি ও তার সহযোগীদের আক্রমণাত্মক এবং সন্ত্রাসী হামলা চালানোর ব্যাপারে উৎসাহ দেয়াই হোক বা, রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টাই হোক।










