নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয়া জান্তা নেতা বলেছেন, তিন বছরের মধ্যে দেশকে বেসামরিক শাসনে ফিরিয়ে নেবেন। গতকাল শনিবার (১৯ আগস্ট) রাতে এ ঘোষণা আসে। খবর এপি।

অবশ্য জেনারেল আবদুরাহমানে তচিয়ানি এই পরিকল্পনার কোনো বিস্তারিত বিবরণ দেননি। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংলাপে জানানো হয়, ৩০ দিনের মধ্যে ক্ষমতা পরিবর্তনের রূপরেখা নির্ধারণ করা হবে।

পশ্চিম আফ্রিকার একটি আঞ্চলিক প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠকের পর তিনি বলেন, আমি নিশ্চিত যে ... সবার স্বার্থে, সংকট থেকে বেরিয়ে আসার জন্য একসঙ্গে কাজ করব আমরা।

গতকাল নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান জেনারেল আব্দুল সালামি আবুবাকারের নেতৃত্বে ইকোওয়াস প্রতিনিধিদল জান্তার সরকারের সঙ্গে আলোচনা করেছে। তারা আলাদাভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গেও দেখা করেন। এর আগে শুক্রবার নাইজার সফরে আসেন পশ্চিম আফ্রিকা ও সাহেলের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিওনার্দো সান্তোস সিমাওর।

গত ১০ আগস্ট স্থানীয় অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারে সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের জন্য একটি ‘স্ট্যান্ডবাই ফোর্স’ মোতায়েনের নির্দেশ দেয়। ওই সময় কড়া প্রতিক্রিয়াও জানায় নাইজার। গত শুক্রবার ইকোওয়াস কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছেন, ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি সামরিক হস্তক্ষেপে সৈন্য পাঠাতে সম্মত হয়েছে।

গত মাসে বাজুমকে ক্ষমতাচ্যুত করে বাজুম। এরপরই তারা বেশিরভাগ সংলাপের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে। আর রাজধানীতে গৃহবন্দি করে রাখে বাজুম, তার স্ত্রী ও ছেলেকে। অভ্যুত্থানের পর জাতিসংঘসহ একাধিক দেশ নিন্দা জানায়।