কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা ‘শাটডাউন’ এড়াতে বিল পাস করেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। শনিবার মধ্যরাতের সময়সীমা অতিক্রম করার কিছুক্ষণ আগেই বাজেট চুক্তিটি পাস হয়। এর কয়েক ঘণ্টা আগে বিলটি পাস করেছিল কংগ্রেসের প্রতিনিধি পরিষদও। ফলে ২০১৯ সালের পর প্রথমবার মার্কিন কেন্দ্রীয় সরকার শাটডাউন এড়াল। খবর সিএনএন।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভস একই বিল অনুমোদন করার কয়েক ঘণ্টা পরই সিনেটে অনুষ্ঠিত হয় এ ভোট। বিলটির পক্ষে ৮৫ ও বিপক্ষে পড়েছে ১১ ভোট।

বিলটি আগামী ১৪ মার্চ পর্যন্ত সরকারি অর্থায়নের মেয়াদ বাড়াবে এবং দুর্যোগে আক্রান্ত রাজ্যগুলোর জন্য ১০০ বিলিয়ন ও কৃষকদের ১০ বিলিয়ন ডলার প্রদান করবে। তবে এ বিল ঋণসীমা বাড়াবে না।

নতুন বিলটি পাস না হলে গতকাল থেকেই শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার। শাটডাউনে পড়লে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত যুক্তরাষ্ট্রে। এতে অনেক সরকারি কর্মীর বেতন পর্যন্ত বন্ধ হওয়ার শঙ্কা ছিল।