অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ড. ইউনূসকে অভিনন্দন বার্তার চিঠি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁঁ। চিঠিতে প্রধান উপদেষ্টাকে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করার তাগিদ দিয়েছেন তিনি।বুধবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে চিঠির বিষয়টি অবগত করা হয়েছে।

১৯ আগস্ট তারিখের চিঠিতে ড. ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাকে উদ্দেশ্য করে লিখেছেন, যেহেতু বাংলাদেশ এখন পালাবদলের সময়ে প্রবেশ করছে, আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা, একটি শান্তিপূর্ণ জাতীয় পুনর্মিলন নিশ্চিত করা । এই বিষয়ে আপনি এরইমধ্যে যে বার্তা পাঠিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।

তিনি আরো লেখেন,  আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থন পাবেন। আমি বিশেষভাবে আশা করি, দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে মানবাধিকার, সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলো নিয়ে আমরা যৌথভাবে কাজ করব।

চিঠির শেষাংশে মাখোঁ ড. ইউনূসের সঙ্গে কাজ করা প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন।