ন্যাটো সদস্য স্লোভাকিয়ার সাধারণ নির্বাচনে রুশপন্থী স্মেয়ার-এসএসডি পার্টি জয়ী হয়েছে। প্রাথমিক গণনায় ২৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর দল। তবে সরকার গঠনে জোটের পথে হাঁটতে হতে পারে তাদের। খবর সিএনএন।
এরই মধ্যে শতভাগ এলাকার নির্বাচনী ব্যালট গণনা শেষ হয়েছে। এতে রবার্ট ফিকোর দলের পর ১৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগ্রেসিভ স্লোভাকিয়া। ১৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ভয়েস-সোশ্যাল ডেমোক্রেসি বা হ্লাস পার্টি।
এর আগে একাধিক জনমত জরিপেও ফিকোর দল এগিয়ে ছিল। এককভাবে সরকার গঠনের সম্ভাবনা খুব বেশি নেই বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিক জান কুচিয়াক হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ফিকো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর কিয়েভের দৃঢ় সমর্থক হিসেবে ভূমিকা রেখে আসছে স্লোভাকিয়া। স্লোভাকিয়াই প্রথম দেশ হিসেবে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। একই সঙ্গে কয়েক হাজার ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু এ পথে আর হাঁটবেন না বলে ঘোষণা দিয়েছেন ফিকো। এমনকি দেশটিকে ন্যাটোতে যোগদানে ভেটো দেয়ার কথাও জানিয়েছেন তিনি।










