রাশিয়ার কুর্স্ক অঞ্চলে চলমান অভিযানে ক্রেমলিনের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেতু ধ্বংস করেছে ইউক্রেন। গতকাল রোববার (১৮ আগস্ট) ইউক্রেনীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যমে সেতুটির ওপর হামলার ফুটেজ প্রকাশ করেছে। জভানোয়েতে সেইম নদীর ওপর সেতুটি ছিল। খবর বিবিসি।
সেতু ধ্বংসের কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কুর্স্কে সামরিক অভিযানের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে রুশ আক্রমণ বন্ধ করার জন্য একটি বাফার জোন তৈরি করা।
২০২২ সালে মস্কো ইউক্রেন আক্রমণ শুরু করার
পর থেকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের এটিই সবচেয়ে বড় আক্রমণ,
যা প্রায় দুই সপ্তাহ ধরে চলছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার
লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুক সামাজিক মাধ্যমে হামলার ভিডিও পোস্ট করে
লিখেছেন,
আরো একটি সেতু ধ্বংস হলো। জেনারেল ওলেশচুক আরো বলেন, ইউক্রেনীয় বিমানবাহিনী নির্ভুল হামলার মাধ্যমে শত্রুদের লজিস্টিক সক্ষমতা
ধ্বংস করে চলেছে, যা যুদ্ধের গতিপথকে উল্লেখযোগ্যভাবে
প্রভাবিত করবে।
ভিডিওতে সেতুর ওপর ধোঁয়ার একটি বড়
কুণ্ডলী দেখা যায়। হামলাটি কখন হয়েছে তা স্পষ্ট নয়।
এ সপ্তাহের শুরুতে ইউক্রেন গ্লুশকোভো
শহরের কাছে সেইম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে। ক্রেমলিন সেই সেতুটি সেনা সরবরাহের
জন্য ব্যবহার করত।
ইউক্রেনীয় বাহিনী যে এলাকায় প্রবেশ করেছে
সেখানে রাশিয়ার জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ তিনটি সেতু আগেই চিহ্নিত করেছিল সামরিক
বিশ্লেষকরা। তাদের মতে, দুটি সেতু ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এখন এটি অনেকটাই স্পষ্ট যে, তারা সেখানে অবস্থানের পরিকল্পনা করেছে।










