ইউক্রেনের দূর-পাল্লার ড্রোন হামলায়
রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেশটির সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমান ঘাঁটিতে একটি টিইউ-২২
যুদ্ধবিমানকে জ্বলতে দেখা যায়। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছে
রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের একটি ড্রোনের আঘাতে টিইউ-২২
যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। তবে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন
বলেছেন, সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে তারা দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছেন।
রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে
জানা যায়, এই হামলার পর মস্কোর তিনটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছিল। তবে পরে
শেরেমেতিয়েভো ও ডোমোদেডোভোতে দুটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেয়া হয়।
ধ্বংস হওয়া টিউ-২২ শব্দের দ্বিগুণ গতিতে
চলতে সক্ষম। ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হামলায় রাশিয়া এ বোমারু বিমান ব্যবহার
করে আসছে বলে জানা যায়।
ইউক্রেনের এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’
বলে আখ্যা দিয়েছে রাশিয়া। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা জানানো হয়নি।










