সংবাদ ভিত্তিক ওয়েবসাইট নিউজক্লিকের তহবিল সংক্রান্ত তদন্তের জন্য বেশ কয়েকজন পরিচিত সাংবাদিক ও লেখকের বাড়িতে অভিযান চালিয়েছে ভারতীয় পুলিশ। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানী দিল্লিতে এ তল্লাশি পরিচালিত হয়। খবর বিবিসি।

প্রতিবেদেন বলা হয়, অভিযানে সাংবাদিকদের মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

নিউজক্লিক চীন থেকে অবৈধ তহবিল পেয়েছে, এমন অভিযোগে তদন্ত চলছে। তবে সংস্থাটি অভিযোগ অস্বীকার করেছে। সমালোচকরা বলছেন, পদক্ষেপটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর ইচ্ছাকৃত আক্রমণ।

নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিসার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী ও ভাষা সিং, জনপ্রিয় ব্যঙ্গশিল্পী সঞ্জয় রাজৌরা ও ইতিহাসবিদ সোহেল হাশমির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এখনো এ বিষয়ে মন্তব্য করেননি। তবে মাইক্রো ব্লগিং প্লাটফর্মে অভিসার শর্মা এক্স বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে জানান, পুলিশ তার ফোন ও ল্যাপটপ কেড়ে নিয়েছে।

দিল্লিতে ওয়েবসাইটের অফিসেও অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এর আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে অভিযোগ এসেছে যে ‘চীনা প্রপাগান্ডা’ ছড়িয়ে দিতে মার্কিন ধনকুবেরের কাছ থেকে তহবিল পেয়েছে সাইটটি। এরপর গত আগস্টে মাসে নিউজক্লিকের বিরুদ্ধে মামলা করা হয়।

প্রতিবেদনে দাবি করা হয়, ধনকুবের নেভিল রায় সিংহাম ‘চীনা সরকারি মিডিয়া মেশিনের’ সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বিশ্বব্যাপী দেশটির প্রচারে অর্থায়ন করার জন্য অলাভজনক সংস্থা ও শেল কোম্পানিগুলোর নেটওয়ার্ক ব্যবহার করছেন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর আর্থিক অস্বচ্ছতার কারণে সরকার বেশ কয়েকটি মিডিয়া আউটলেটকে তদন্তের অধীনে রেখেছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস চলতি বছর সংবাদপত্রের স্বাধীনতা র‌্যাংকিংয়ে ভারতকে ১৬১তম স্থানে রেখেছে। সঙ্গে বলছে, দেশটির পরিস্থিতি ‘সমস্যাপূর্ণ’ থেকে ‘খুব খারাপে’ নেমে এসেছে।