যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ‘বিপজ্জনক অপরাধী’ হিসেবে উল্লেখ করেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নাগরিকদের যেসব অভিবাসী হত্যা করেছে তাদের মৃত্যুদণ্ডের দাবিও জানিয়েছেন তিনি। কলোরাডো অঙ্গরাজ্যের অরোরায় এক নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্প এ দাবি জানান। খবর রয়টার্স।

সমাবেশে তার আশপাশে ভেনিজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার কথিত সদস্যদের পোস্টার ছিল। ট্রাম্প জানান, যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে এ গ্যাংয়ের সদস্যদের ধরতে ‘অপারেশন অরোরা’ নামে কর্মসূচি শুরু করবেন।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আর বেশি দিন নেই। প্রচারণার এই শেষ সপ্তাহগুলোয় ট্রাম্প তার অভিবাসনবিরোধী বক্তব্য লক্ষণীয়ভাবে কঠোর করেছে। এবারের নির্বাচনে অবৈধ অভিবাসন ভোটারদের মধ্যে আলোচনার প্রধান ইস্যুগুলোর মধ্যে এটি একটি। জনমত জরিপগুলোয় দেখা গেছে, অংশগ্রহণকারীরা এ সমস্যার সমাধানে সেরা প্রার্থী হিসেবে ট্রাম্পকে বেছে নিয়েছেন।

শুক্রবারের নির্বাচনী সমাবেশে ট্রাম্প আরো বলেন, ‘আমি আমেরিকান নাগরিক বা আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যাকারী যেকোনো অভিবাসীর মৃত্যুদণ্ড দাবি করছি।’ ট্রাম্প এরই মধ্যে নারী ও শিশু পাচারে দোষী সাব্যস্ত ব্যক্তিসহ অন্যান্য অপরাধীদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পরিসর বাড়ানোর প্রস্তাবের কথা বলেছেন।

ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার নামে একটি অলাভজনক সংস্থার তথ্যমতে, যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কিছু গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড আরোপ করার ক্ষমতা রাখে। তবে এটি খুব কমই প্রয়োগ করা হয়।

প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পের তৃতীয় প্রচারণার অন্যতম প্রধান যে বিষয় গুরুত্ব পাচ্ছে, যেটিকে তিনি ‘অভিবাসী অপরাধ’ হিসেবে উল্লেখ করছেন। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের চেয়ে বেশি অপরাধ করে না।

মৃত্যুদণ্ডের প্রস্তাব সম্পর্কিত বিষয়ে মন্তব্য করতে অনুরোধ করা হলে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

গত ১০ সেপ্টেম্বর কমলা হ্যারিসের সঙ্গে এক প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প বলেন, ‘ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্যরা অরোরার বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নিয়েছে।’ তবে নগর কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে। শুক্রবারের সমাবেশে তিনি পুনর্নির্বাচিত হলে অরোরার এ বিষয়ে গুরুত্বারোপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।