সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নসকে মন্ত্রিসভার সদস্য করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বার্নসকে এমন আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে বাইডেনের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হতে যাচ্ছেন তিনি। খবর আল জাজিরা।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও চীনের সঙ্গে মার্কিন প্রতিযোগিতার বিষয়ে বার্নসের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে একটি বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘‌তার নেতৃত্বে সিআইএ আমাদের দেশের শীর্ষ জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর জন্য একটি পরিষ্কার ধারণা ও দীর্ঘমেয়াদি কৌশল তৈরি করেছে।’ তবে এ রদবদল সম্পর্কে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এটি মূলত প্রতীকী। এর মাধ্যমে বার্নসকে কোনো নতুন কর্তৃত্ব দেবে না।