ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৫৭ যাত্রী ছাড়াও চারজন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইনস-সংশ্লিষ্ট সূত্র। খবর বিবিসি।

দুই ইঞ্জিনবিশিষ্ট ও টার্বাইনযুক্ত এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। ভয়েপাস এয়ারলাইনস জানিয়েছে, সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে এটি পতিত হয়।

দুর্ঘটনার পর ভয়েপাস এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা উড়োজাহাজটিতে থাকা লোকদের শেষ পর্যন্ত কী হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি একটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি উড়োজাহাজ উল্লম্বভাবে নিচে নেমে যাচ্ছে। আর নামতে নামতে সর্পিল আকারে পাক খাচ্ছিল।

ফরাসি-ইতালীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এটিআর বলেছে, দুর্ঘটনা তদন্তে সহযোগিতা করবে তারা। উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও মাটিতে থাকা কেউ হতাহত হয়নি। তবে এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, একটি বিশাল এলাকা আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশ উঠে গেছে। ঘটনার পর পরই উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুসারে, উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ক্যাসকাভেল ছেড়েছিল। প্রায় দেড় ঘণ্টা পর উড়োজাহাজ থেকে শেষ সংকেত পাওয়া যায়।

ব্রাজিলের সিভিল এভিয়েশন এজেন্সি বলেছে, উড়োজাহাজটি ২০১০ সালে নির্মাণ হয়েছিল। এটির বৈধ রেজিস্ট্রেশন ও ওড়ার সক্ষমতাবিষয়ক সনদ ছিল। এছাড়া দুর্ঘটনার সময় বোর্ডে থাকা চারজন ক্রুর সবাই যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত এবং তাদের বৈধ যোগ্যতা ছিল।

ক্যাসকাভেলের ইউওপেকান ক্যান্সার হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুজন প্রশিক্ষণার্থী চিকিৎসক রয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন তিনি। 

ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টও দিয়েছেন ডি সিলভা। সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও গোমেস ডি ফ্রেইতাস নিহতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছেন।