আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা খুলনার কয়রা। কৃষিতে সম্ভাবনাময় এ উপজেলার একটি বড় সমস্যা লবণাক্ততা। উপকূলীয় এ উপজেলার লবণাক্ত কৃষিজমিতে বছরে একটি ফসল হয়। আমন ধান সংগ্রহের পর এ উপজেলায় কৃষিজমি অনাবাদি ফেলে রাখতে হয়। এতে লোকসান হয় কৃষকের। এমন অনাবাদি লোনা জমিতে আলু চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কয়রার কৃষক রবীন্দ্রনাথ ঢালী। ধান তোলার পর কাদাযুক্ত অনাবাদি লোনা জমিতে আলু বীজ বপন করে সফলতা পেয়েছেন তিনি। তার এ সাফল্য নজর কেড়েছে আশপাশের অনেক কৃষকের। অনেকেই এখন অনাবাদি লোনা জমিতে ধানের পর পরই আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

রবীন্দ্রনাথ ঢালীর বাড়ি সুন্দরবন সংলগ্ন ৩নং কয়রা গ্রামে। বসতবাড়ির পাশেই তার ১২ বিঘা জমি রয়েছে। এর বেশির ভাগই আমন ধান তোলার পর অনাবাদি পড়ে থাকে। এ লোনা জমি বছরের বাকি সময় কাজে লাগাতে রবীন্দ্রনাথ ঢালীকে উৎসাহিত করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান।

তবে শুরুর দিকে এতে রাজি ছিলেন না রবীন্দ্রনাথ ঢালী। তিনি মনে করেছিলেন, অনাবাদি লোনা জমিতে ধান ছাড়া আর কোনো ফসল ফলবে না। ফলে শ্রম ও অর্থ দুটোই অপচয় হবে। হাল ছাড়েননি জাহিদ হাসান। দীর্ঘসময় বোঝানোর পর রাজি হন রবীন্দ্রনাথ। ১০ শতাংশ লোনা জমিতে বপন করেন ৮০ কেজি আলুবীজ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দেড় মাসের মাথায় জমি ভরে ওঠে সবুজ আলু গাছে।

কৃষক রবীন্দ্রনাথ ঢালী বলেন, আমন ধান কাটার পর জমি পুরোপুরি শুকায়নি। কাদা ছিল। কাদার ওপর দড়ি টানিয়ে আলুবীজ বপন করি। বীজ হিসেবে ব্যবহার করি বারি আলু-৭২ ও বারি আলু-৭৩ জাত। কৃষি বিভাগের পরামর্শে এক সারি থেকে আরেক সারির দূরত্ব রাখি ৬০ সেন্টিমিটার। প্রতি সারিতে একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব রাখি ২৫ সেন্টিমিটার। এরপর আলু বীজের ওপর গোবর ছড়িয়ে দেই। তার ওপর খড়কুটা দিয়ে ঢেকে রাখি। এতেই ক্ষেত আলুতে ভরে গেছে।

তিনি আরো বলেন, শুরুতে নিচু লোনা জমিতে আলু চাষ করতে আগ্রহী ছিলাম না। লোকসানের ভয় ছিল। এখন সেই ভয় কেটেছে। এ পদ্ধতিতে আলু চাষে জমি তৈরি করতে হয়নি। সেচ ও সারের জন্যও বাড়তি খরচ লাগেনি। লোকসানের বদলে এখন আলু বিক্রি করে লাভের মুখ দেখব বলে আশা করছি। আগামী আমন মৌসুমের পর ১২ বিঘা জমিতেই আলু চাষ করব।

কৃষিবিদ জাহিদ হাসান জানান, আমন ধান কাটার পর মাটি শুকাতে অনেক সময় লাগে। ফলে সঠিক সময়ে এসব জমিতে কোনো ফসল লাগানো সম্ভব হয় না। এতে অনেক জমি বছরের বাকি সময় অনাবাদি পড়ে থাকে। সঙ্গে রয়েছে লবণাক্ততার সমস্যা। এ কারণে আমন ধান কাটার পর পরই কাদাযুক্ত লোনা জমিতে আলুবীজ লাগানোর উপায় বের করা হয়েছে। এটা কাজেও দিয়েছে। উৎপাদিত আলুর আকারও বেশ বড়।

খুলনা কৃষি গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশীদ বলেন, কয়রায় অনেক জমি আমন ধান কাটার পর অনাবাদি পড়ে থাকে। এসব অনাবাদি ও লোনা জমিতে কৃষকরা বিনা চাষে আলু উৎপাদনে সক্রিয় হলে লাভবান হবেন। রবীন্দ্রনাথ ঢালীর সফলতার পথ ধরে ধীরে ধীরে আলু চাষ বাড়াতে পারলে উপকূলীয় অঞ্চলের কৃষিতে পরিবর্তন আসবে।