দেশীয় সৌর প্যানেল উৎপাদন কোম্পানিগুলোকে সহায়তা করতে বিদেশ থেকে প্যানেল আমদানিতে ১ শতাংশ কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে। গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর আগে বিদেশ থেকে সৌর প্যানেল আমদানিতে ব্যবসায়ীদের কোনো কর দিতে হতো না। যে কারণে বিদেশ থেকে আমদানি করা সৌর প্যানেল কিছুটা হলেও গ্রাহকদের জন্য সাশ্রয়ী হতো। আমদানিকারকরা বলছেন, সোলার প্যানেলের ওপর কর আরোপ করায় এ খাতের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশে বতর্মানে মোট বিদ্যুৎ সক্ষমতার ৭৮০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন হচ্ছে। মোট চাহিদার ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য খাতে নানামুখী কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে তার প্রতিফলন পাওয়া সম্ভব হবে।
সারা দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় দেশী-বিদেশী কোম্পানি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। আর এসব প্রকল্পের সৌর প্যানেল এবং অন্যান্য যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সৌর প্যানেলে ১ শতাংশ কর আরোপ করা হলে এসব প্রকল্প আরো ব্যয়বহুল হয়ে যাবে। এতে বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচও বাড়বে।
একটি সূত্র জানিয়েছে, সৌর প্যানেল আমদানিতে ১ শতাংশ কর আরোপের বিষয়ে সরকার মনে করছে, এতে দেশেই এ প্যানেল নির্মাণ প্রতিষ্ঠানগুলোর উৎপাদন বাড়বে। পাশাপাশি কারখানা নির্মাণে আগ্রহী হবেন ব্যবসায়ীরা। অবশ্য এর আগে দেশের কয়েকটি শিল্প গ্রুপ সোলার প্যানেল উৎপাদনের কারখানা নির্মাণ করলেও তারা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে পারেনি।





