আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি করা ল্যাপটপ, প্রিন্টার, টোনার, কার্ট্রিজের রেয়াতি সুবিধা প্রত্যাহার ও ল্যাপটপের ওপর ১৫ শতাংশ মূল সংযোজন কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে এসব পণ্যের দাম বাড়বে।

গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে তিনি এ কথা জানান। নতুন মূসক আরোপের পরিপ্রেক্ষিতে ল্যাপটপ কম্পিউটার আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার দাঁড়াবে ৩১ শতাংশ। ফলে প্রযুক্তি বাজারে এইচপি, ডেল, লোনোভো, আসুস, এমএসআই, অ্যাপল, এসারসহ অন্যান্য বিদেশী প্রতিষ্ঠানের ল্যাপটপ ক্রয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।

সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ল্যাপটপ কম্পিউটার আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি।

বিশ্বে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং এবং দেশের আইসিটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিনিয়োগ সুরক্ষায় এ প্রস্তাব করা হয়। এর আগে ২০২১-২২ অর্থবছরের বাজেটে আইসিটি শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব রাখা হয়েছিল। সে সময় অর্থমন্ত্রী দেশীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইসিটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিরক্ষণে কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও আইসিটি শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করেছিলেন।