নতুন পোশাক ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ঈদ আয়োজন। এবার তাহলে তার ব্যতিক্রম হবে কেন? চলতি বছরও নতুন পোশাকে সাজবে ঈদ। তারই পসরা সাজিয়ে বসেছে ফ্যাশন হাউজগুলো। বিভিন্ন ফ্যাশন হাউজে এখন পাবেন নতুন নতুন সব ঈদ পোশাক। বাহারি রং, আকর্ষণীয় ডিজাইন এবং নতুন নতুন ঢঙের সব পোশাক রয়েছে এবারে ফ্যাশনবোদ্ধাদের সংগ্রহে।

অঞ্জন’সের প্রধান নির্বাহী শাহীন আহমেদ জানান, এবারের ঈদ ঘিরে বেশকিছু ডিজাইন রয়েছে অঞ্জন’সের সংগ্রহে। সেখানে যেমন কিছু সিঙ্গেল সেট রয়েছে, তেমনি রয়েছে কিছু গ্রুপ সেটও। যেহেতু এবারের ঈদ পড়েছে গরমের মধ্যে, তাই ঈদের সব সংগ্রহে মাথায় রাখা হয়েছে আরামের বিষয়টি। ফলে কাপড় বানানোর ক্ষেত্রে সুতি, ভয়েল, লিনেন, সিল্ক, মসলিন বেশি রাখা হয়েছে এবারের ঈদ আয়োজনে। 

এবারে অঞ্জন’সের ঈদ আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া, কটি। মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না, ফতুয়া, টপস, স্কার্ফ। পাশাপাশি পাবেন কিছু হাতে বানানো জুয়েলারিও। শিশু-কিশোরদের আয়োজনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট আর মেয়েদের জন্য রয়েছে টপস, ফ্রক, সালোয়ার-কামিজ ও ওড়না।

শাহীন আহমেদ জানান, অঞ্জন’স সবসময়ই চেষ্টা করে ঈদের পোশাক ডিজাইনে যেন ভিন্নতা থাকে। মূলত কাপড়, রঙ ও ডিজাইন তিনটি বিষয় বেশি গুরুত্ব পায় এ আয়োজনে। এবারের ঈদ আয়োজন পড়েছে বৈশাখ মাসে। এ সময় অনেক গরম থাকে তাই সে বিষয়টিও পোশাক ডিজাইনে গুরুত্ব পেয়েছে।

রঙের ব্যবহারের বেশ পরিমিতি দেখিয়েছে ফ্যাশন হাউজটি। অলিভ, কফি, বাদামি, সাদা, লাল, সবুজ, মেরুন রঙ বেশি প্রাধান্য পেয়েছে এবারের ঈদ আয়োজনে। ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের কাপড়ও। জ্যাকার্ড ডিজাইনের কাপড় বেশি ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে। বৈচিত্র্যময় ডিজাইনের পোশাকগুলোতে বেশি ব্যবহার করা হয়েছে এমব্র্রয়ডারি ও প্রিন্ট।

ইনফিনিটি মেগা মলেও এবার পাবেন বাহারি ডিজাইনের পোশাক। সেখান থেকে নিজের পছন্দসই পোশাক বেছে নিতে পারবেন অনায়াসে। ইনফিনিটি মেগা মলের চিফ কোঅর্ডিনেশন অফিসার রাশেদুল হক মুকুল বলেন, এবার ঈদটা পড়েছে গ্রীষ্মকালে। এ মৌসুমকে মাথায় রেখে স্বস্তিদায়ক যেসব পোশাক আনা যায় সেগুলোই আনা হয়েছে বেশি।

ইনফিনিটিতে মেয়েদের জন্যও রয়েছে অনেক বৈচিত্র্যময় পোশাক। রাশেদুল হক মুকুল বলেন, ‘টিনএজ মেয়েদের জন্য ওয়েস্টার্ন কিছু পোশাক, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ, আনস্টিচ থ্রিপিস এনেছি আমরা। ছোটদের কিছু এক্সক্লুসিভ ফ্রক আছে। আর ইনফিনিটির শাড়ি সংগ্রহ কিছুটা ভিন্ন রকম তো হবেই। কারণ তাতে ভ্যালু অ্যাড করা হয়। গর্জিয়াস কিছু পোশাকও আছে আমাদের সংগ্রহে।’

ছেলেদের পোশাক শুধু পাঞ্জাবিতে সীমাবদ্ধ নয়, তবে এই ঈদে পাঞ্জাবি চলে বেশি। গ্রীষ্মের এই মৌসুমে ফরমাল শার্ট, ক্যাজুয়াল টি-শার্ট বেশি চলে। ঈদকে সামনে রেখে সেসবও রেখেছি আমাদের সংগ্রহে। কিছু হাওয়াই শার্ট, ক্যাজুয়াল শার্টও আমরা এনেছি। এক কালারে বেশকিছু পাঞ্জাবি করেছি আমরা। কিছু কটন কাপড়ে কিছু মিক্সড কাপড়ে করা হয়েছে।

রয়েছে শিশুদের জন্যও বিশেষ আয়োজন। রাশেদুল হক বলেন, ‘শিশুদের জন্য পোশাক ডিজাইনের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বেশি মাথায় রাখা হয়েছে। পাশাপাশি নিটেড কিছু পোশাকও আছে শিশুদের জন্য। যেমন পোলো শার্ট, নিটেড শার্ট, নিটেড কিছু ম্যাচিং করা প্যান্ট আছে আমাদের কাছে। শিশুদের জন্য এবার ডেনিম এবং গ্যাবার্ডিনেও বেশ কাজ করা হয়েছে। কালারফুল কিছু ডেনিমও আমরা অ্যাভেইলেবল করেছি। পাশাপাশি নবজাতকদের জন্য নতুন নতুন পণ্য আমাদের থাকে বছরজুড়েই।’

প্রতিটি ফ্যাশন সিজনে নতুন নতুন থিম নিয়ে কাজ করে লা রিভ। এবারো তার ব্যতিক্রম নয়। এবারে তাদের ঈদ কালেকশন থিমের নাম রিলিজ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, একটি দীর্ঘ অতিমারী শেষে আমরা মন খুলে উৎসব করতে পারছি। উত্কণ্ঠা সরিয়ে আমাদের মনে স্বস্তি বা ইনার পিস ফিরে এসেছে। এই ইতিবাচকতা, প্রশান্তি, আর উৎসব ফিরে পাওয়ার খুশি প্রকাশ করে যেসব রঙ, তা-ই এই কালেকশনের কালার প্যালেটের জন্য বাছাই করা হয়েছে। উজ্জ্বল কমলা বা জুসি অরেঞ্জকে কোর কালার ধরে অন্যন্য শেড বাছাই করেছি আমরা। উজ্জ্বল সবুজ, আকাশি ও গাঢ় নীল, লাল, বাদামি, কমলা, হলুদ, কালো, মেরুন, অলিভ গ্রিন, পার্পল, টিল, অনিয়ন ও ব্লাশ পিংক ও প্যাস্টেল শেড দেখা যাবে এবার। কাপড়ের ক্ষেত্রেও ঈদের খুশির আমেজকে প্রাধান্য দিয়েছে লা রিভ। সিল্ক, হাফ সিল্ক, মসলিন, অরগাঞ্জা, ক্রেপ, সাটিন, জ্যাকার্ড, মার্সেরাইজড কটন, ভিসকোস ও ইন্ডি ও প্রিমিয়াম কোয়ালিটি কটন দিয়ে বোনা হয়েছে এবারের ঈদ কালেকশন।

আন্তর্জাতিক ফ্যাশন এবং ঈদের সব ট্রেন্ডি প্রিন্টস্টোরি দিয়ে সাজানো হয়েছে লা রিভ ঈদ কালেকশন। বেশ কয়েকটি থিম ও প্রিন্টস্টোরিতে ঈদের স্টাইলগুলো সাজানো হয়েছে। ভারী কারচুপি, এমব্রয়ডারি ও হাতের কাজ করা স্টাইলগুলো সংকলিত হয়েছে ক্রাফটেড কিচ শিরোনামের থিমে।

লা রিভের উইমেন্স ঈদ কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণ শাড়ি। জরি-কাতান, কাসাভু-কোটা, প্রিন্টেড হাফ সিল্ক  ও মসলিন দিয়ে ঈদের জন্য অসাধারণ একটি শাড়ির কালেকশন তৈরি করেছে লা রিভ। আরো থাকছে সালোয়ার-কামিজ সেট, সিঙ্গেল কামিজ, লং ও মিডি টিউনিক, গাউন, টপস, শার্ট ও আবায়া সেট।

পুরুষের ঈদ কালেকশনে থাকছে কাজ করা ফিটেড, সেমি ফিট ও রেগুলার ফিট পাঞ্জাবি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, কমফোর্ট শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। শিশুদের ঈদের আনন্দ সম্পূর্ণ করতে সব ধরনের পোশাক থাকছে লা রিভের ঈদ কালেকশনে। বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং ঈদ পোশাক পাওয়া যাবে মিনি-মি কালেকশনে। মেয়ে শিশুদের জন্য টিউনিক, ফ্রক, ওভেন সেট, সালোয়ার-কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস ডিজাইন করা হয়েছে এবার। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট এবং প্যান্টস ও পাজামা ডিজাইন করা হয়েছে। নবজাতকদের জন্যেও আছে ঈদের বিশেষ আয়োজন।