বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে লাইট পেইন্টেড লেদার প্রযুক্তি উন্মুক্তের ঘোষণা দিয়েছে ট্রানশন হোল্ডিংসের প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফিনিক্স, যা সূর্যের আলোয় রং পরিবর্তনে সক্ষম। ধারণা করা হচ্ছে, ভবিষ্যৎ স্মার্টফোনে এ প্রযুক্তি ব্যবহার করা হবে। খবর গিজমোচায়না।

তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা সূর্যের আলো আটকানোর মাধ্যমে তাদের স্মার্টফোনের কভারের রঙ পরিবর্তন করতে পারবে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অতিবেগুনি রশ্মির মাধ্যমে লাইট পেইন্টেড লেদার প্রযুক্তি কাজ করে। লেদারে থাকা ফটোক্রোমিক কম্পাউন্ড ও মলিকিউলার অবকাঠামো সূর্যের আলোর নিচ থেকে ক্রমাগত রং পরিবর্তন করে। তবে পরিবর্তন কার্যক্রম সীমিত সময়ের জন্য হয়। পরবর্তী সময়ে লেদারের রং সাধারণ অবস্থায় ফিরে আসে।

ইনফিনিক্সের মালিকানা প্রতিষ্ঠান ট্রানশন জানায়, অন্যান্য সাধারণ ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তির মতো ইনফিনিক্সের লাইট পেইন্টেড লেদারও ক্রমাগত রং পরিবর্তনশীল প্রযুক্তি। অর্থাৎ প্রযুক্তিটি কাজ করতে স্মার্টফোন থেকে আলাদা কোনো শক্তি গ্রহণের প্রয়োজন হয় না। বিভিন্ন জায়গা থেকে সূর্যের আলো প্রবেশে বাধা দিলেই নতুন নতুন প্যাটার্ন তৈরি করা যাবে। এতে অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারকারীরা লেদারের রঙ পরিবর্তন করতে পারবে।

সম্প্রতি বাজারে আসা রিয়েলমি নাইন প্রোপ্লাস স্মার্টফোনে একই ধরনের প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে।