প্রথমবারের মতো ভারতে এলিটবুক, প্রোবুক ও জিএইট সিরিজের নোটবুকসহ বিভিন্ন কম্পিউটার পণ্যের উৎপাদন শুরু করেছে এইচপি। খবর গ্যাজেটসনাও।

মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কার্যকরে ভারত সরকার সচেষ্ট হওয়ায় কম্পিউটার ও প্রিন্টার উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচপি একাধিক কম্পিউটার পণ্যের স্থানীয় উৎপাদন শুরু করেছে বলে জানা গেছে। চেন্নাইয়ের তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে অবস্থিত ফ্লেক্স ফ্যাসিলিটিতে বিভিন্ন মডেলের ল্যাপটপ, ডেস্কটপ টাওয়ার ও মিনি ডেস্কটপের উৎপাদন শুরু করেছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। এগুলোর পাশাপাশি ভারতে মনিটরও উৎপাদন করে এইচপি।

প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, এসব ইলেকট্রনিকস পণ্যের কিছু সরকারের পাবলিক প্রকিউরমেন্ট নির্দেশনায় অনুমোদন পেয়েছে। পাশাপাশি সরকারি বিভাগ ও অন্য গ্রাহকদের চাহিদা মেটাতে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) পোর্টালে তালিকাভুক্ত থাকবে।

এক সাক্ষাত্কারে ভারতে এইচপির ব্যবস্থাপনা পরিচালক কেতন প্যাটেল বলেন, ভারতকে বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্রে পরিণত করতে আমরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি সে চেষ্টা করব। এ লক্ষ্যে ভারতে একাধিক পণ্য উৎপাদনে আমাদের পোর্টফোলিওর বিস্তার ঘটাব।

তিনি আরো বলেন, দেশটির অধিবাসীদের জীবনমানের উন্নয়নে আমরা ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করে আসছি। ঘোষণাটি ভারতের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরো দৃঢ় করবে।