কভিড-১৯-এর টিকা গ্রহণের তথ্য প্রদর্শনে নতুন অ্যাপ চালু করেছে জাপান সরকার। এর মাধ্যমে জনগণ বিদেশ ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে টিকা গ্রহণের তথ্য প্রদর্শন করতে পারবে। খবর আইএএনএস।
জাপানের ডিজিটাল এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য কভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে একজন ব্যবহারকারী কয় ডোজ টিকা গ্রহণ করেছেন, টিকা গ্রহণের তারিখ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামও দেখা যাবে।
মাই নাম্বার ন্যাশনাল আইডেন্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে দেশের জনগণ টিকা নেয়ার সনদ গ্রহণ করতে পারবে। জাপানের সব নাগরিক ও বাসিন্দাকে ১২ সংখ্যার আইডি নাম্বার দিয়েছে দেশটির সরকার। তবে এজন্য আলাদাভাবে আবেদন করতে হয়।
স্মার্টফোনের মাধ্যমে আইডি কার্ডের নাম্বার স্ক্যান করে সাধারণ মানুষ তাদের টিকা গ্রহণের তারিখ জানতে পারবে। টিকা গ্রহণের তথ্য সংরক্ষণের জন্য ভ্যাকসিনেশন রেকর্ড সিস্টেম (ভিআরএস) নামে ক্লাউড সিস্টেম তৈরি করেছে দেশটির সরকার। অ্যাপের যেসব ব্যবহারকারী আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে চান, তাদের পাসপোর্টের তথ্যও যুক্ত করতে হবে। তবে অ্যাপটিতে শুধু জাপানি ভাষায় নির্দেশনা যুক্ত করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাতসুনো বলেন, দৈনন্দিন জীবনে করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাপটির ব্যবহার বাড়বে।










