ফেসবুক ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি ডামি একাউন্ট তৈরি করে এটা দেখতে যে, তাদের অ্যালগরিদম অনুসারে ভারতে একজন ইউজার কী ধরনের কন্টেন্ট দেখতে পান। সেখানে ভুয়া তথ্য ও ঘৃণা-বিদ্বেষমূলক কন্টেন্ট ঠেকাতে অ্যালগরিদমের ব্যর্থতা ধরা পড়ে। অভ্যন্তরিণ নথির বরাত দিয়ে ব্লুমবাগ এবং মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে। 

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে কী কী বিষয় দেখেন তা নির্ণয়ে ২০১৯ সালে ফেসবুকের পক্ষ থেকে ডামি অ্যাকাউন্ট খোলা হয়। টানা ২১ দিন ধরে ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করা হয়। তারা কী কী ব্রাউজ করেন বা কী ভিডিও দেখেন, কোন কোন গ্রুপে যুক্ত হচ্ছেন- সেসব বিষয় অনুসরণ করা হতো। দেখা গেছে, বেশিরভাগ ব্যবহারকারী বিভিন্ন ভুয়া খবর, হিংসাত্মক ঘটনার ছবি বা ভিডিও শেয়ার করতেন যা ওই ডামি ব্যবহারকারীর ফিডে চলে আসতো।

যে ব্যক্তি ডামি ইউজার তৈরি করে এ পরীক্ষা চালিয়েছিলেন, তার অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করেন ফেসবুকের এক গবেষক। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছিলেন, আমি আমার জীবনে যতটা না লাশ দেখেছি, গত তিন সপ্তাহে তার চেয়ে বেশি লাশের ছবি দেখেছিলাম ওই অ্যাকাউন্টে।

এদিকে, ফেসবুকে ওই ডামি অ্যাকাউন্ট তৈরির কিছুদিন পর পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের এ হামলায় নিহত হন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ৪০ সদস্য।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, হামলার ঘটনার পর দেখা গেছে, ফেসবুকে ব্যাপক হারে পাকিস্তানবিরোধী বিষয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট, ছবি, ভিডিও প্রকাশ হতে শুরু করে, যা ওই ডামি অ্যাকাউন্টেও দেখা যায়।

এছাড়া পাকিস্তানে এক বিস্ফোরণে ৩০০ সন্ত্রাসী মারা গেছে বলে ফেসবুকে বহু ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তিকে শিরোচ্ছেদ করা হচ্ছে। পাকিস্তানে বিস্ফোরণের ঘটনায় তারা জড়িত ছিলেন দাবি করে ফেসবুকে ছবিগুলো ছড়ানো হয়েছিল।

ফেসবুক বিষয়টি স্বীকার করে জানিয়েছে, পরীক্ষার অংশ হিসেবেই ডামি অ্যাকাউন্টের মাধ্যমে সংস্থাটি পোলারাইজিং ও গ্রাফিকস, ঘৃণামূলক বক্তব্য এবং ভুল তথ্যে ভরা কনটেন্ট শেয়ার করত। মার্কিন প্রতিষ্ঠানটির দাবি, এই পরীক্ষার ফলাফল সংস্থার সিস্টেমগুলো নিয়ে গভীর বিশ্লেষণ করতে সাহায্য করেছে। 

প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, ঘৃণাসূচক বক্তব্য কমাতে অব্যাহতভাবে কাজ করছে ফেসবুক। আমরা ভারতের চারটি ভাষাসহ সবধরনের বিদ্বেসমূলক বিষয়গুলো চিহ্নিত করার প্রক্রিয়াকে শক্তিশালী করছি।

নিউইয়র্ক টাইমস বলছে, ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন যখন ফেসবুকের কিছু অভ্যন্তরীণ নথি প্রকাশ করেছিলেন তাতে দেখা গেছে, ভারতে ফেসবুকের পর্যাপ্ত রিসোর্স নেই। ভুয়া তথ্য ঠেকাতে প্রতিষ্ঠানটি তার বাজেটের ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্রের জন্য ব্যয় করে, বাকি ১৩ শতাংশ রাখে সারা বিশ্বের জন্য।

ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন, সংস্থার বাজেটে তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং অংশীদারদের অন্তর্ভুক্ত করা হয় না, কেননা তারা যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন।