হোয়াটসঅ্যাপে থাকা সর্বশেষ স্ট্যাটাস যদি অপরিচিতদের কাছে চলে যায়, তা যেমন ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে তেমনি নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। নতুন সিকিউরিটি ফিচারে এ সবকিছু বদলে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, এমনই একটি প্রাইভেসি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, যেখান থেকে আপনার লাস্ট সিন স্ট্যাটাস ও প্লাটফর্মের অনলাইন উপস্থিতি সম্পর্কে টের পাবে না অপরিচিতরা। খবর দ্য ভার্জ।

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্লাটফর্মেই পাওয়া যাবে। তবে তা সবার জন্য এখনই উন্মুক্ত নাও হতে পারে। এ মুহূর্তে মার্কেটে একাধিক থার্ড পার্টি অ্যাপস রয়েছে, যেগুলোর সাহায্যে হোয়াটসঅ্যাপে আপনার সব কর্মকাণ্ডে নজর রাখতে পারে যে কেউ। এমনকি যার নম্বর সেভ পর্যন্ত করা নেই, সেও আপনার লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস সবকিছুই দেখে নিতে পারে। সেই অসৎ উদ্দেশ্যের ব্যক্তিদের কুনজর থেকে ইউজারকে রক্ষা করতে পারে হোয়াটসঅ্যাপের এ সুরক্ষা ফিচার। এ ফিচার সম্পর্কে সবার প্রথম রিপোর্ট প্রকাশ করে ওয়েবেটাইনফো।

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের ঝুলিতে এমন কোনো ফিচার ছিল না, যার মাধ্যমে লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস নির্দিষ্ট করে কিছু নম্বর বা প্রোফাইলের জন্য লুকিয়ে রাখা যায়। সে সমস্যারই স্থায়ী সমাধান বের করেছে মেটা নিয়ন্ত্রিত মেসেজিং অ্যাপটি। যদিও অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর এ ধরনের কোনো সাইবারস্টকিং অ্যাপের অনুমতি আর দেয় না। প্রসঙ্গত, শুধু লাস্ট সিন নয়। এ ফিচার একবার রোল আউট হয়ে গেলে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও নির্দিষ্ট কিছু নম্বর বা অ্যাকাউন্টের থেকে লুকিয়ে রাখতে পারবেন।