চলতি বছর বিতর্কিত একটি প্রাইভেসি নীতি গ্রহণ করেছে অ্যাপল। অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) নামে অ্যাপ স্টোরের এ ফিচারে বিজ্ঞাপন ব্যবসায় ঝুঁকিতে পড়েছে সোস্যাল মিডিয়া কোম্পানিগুলো। অ্যাপল ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের এ পলিসি গ্রহণের ফলে ২০২১ সালের দ্বিতীয়ার্ধে ১ হাজার কোটি ডলার খোয়াচ্ছে ফেসবুক, টুইটার, স্ন্যাপ ও ইউটিউবের মতো কোম্পানি। খবর টেক টাইমস।

গ্রাহকের ডাটা সংগ্রহের প্রশ্নে অ্যাপল নতুন নীতিমালার প্রচলন করেছে চলতি বছর, যার ফলে ডাটা সংগ্রহ করার আগে ব্যবহারকারীর অনুমতি নিতে হচ্ছে অ্যাপগুলোকে। অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) নীতিমালা আনার ঘোষণা ২০২০ সালে দিলেও চলতি বছরের এপ্রিলে এসে কার্যকর করেছে অ্যাপল । ফাইন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপলের নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর স্ন্যাপচ্যাট, ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো বহুল ব্যবহূত সামাজিক মাধ্যমগুলোর আয় কমেছে ৯৮৫ কোটি ডলার।

এটিটির ফলে আইফোন ব্যবহারকারী গ্রাহকদের কাছে নিজেদের আন্ডারওয়্যার পৌঁছানো কত কঠিন হয়েছে এ নিয়ে লোটামি সিওও মাইক উসলি জানান, আমরা যদি ১ হাজার পুরুষের কাছে আন্ডারওয়্যার বিক্রি করতে চাই, আমাদের অন্তত দুই হাজার জনকে তো দেখাতে হবে। আবার এটাও জানতে হবে আমাদের বিজ্ঞাপন পুরুষের কাছে পৌঁছেছে নাকি নারীদের কাছে। এটিটির ফলে যা বেশ কঠিন ঠেকেছে।

অ্যাপলের নতুন নীতিমালার জোরালো বিরোধিতা করেছে ফেসবুক। প্রতিবাদ জানাতে সংবাদপত্রের পুরো এক পাতাজুড়ে বিজ্ঞাপন দিয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা কেন অ্যাপলের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। ফাইন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদন বলছে, সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে ফেসবুকের। তবে ব্যবসার আকার বিবেচনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্ন্যাপ ইনকরপোরেটেড। ফেসবুকের মতো ব্যাপক ব্যবসায়িক বিস্তার নেই প্রতিষ্ঠানটির এবং এর বিজ্ঞাপনকেন্দ্রিক আয়ের প্রায় পুরোটাই স্মার্টফোননির্ভর। স্ন্যাপের সিইও ইভান স্পিগেল সম্প্রতি টেক টাইমসকে জানান, এটিটি পলিসিতে তাদের বিজ্ঞাপন আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট আয় কমলেও স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে বলে জানান স্পিগেল।

বিজ্ঞাপন প্রযুক্তি পরামর্শক এরিক সিউফার্ট ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, যে প্লাটফর্মগুলোর ওপর প্রভাব পড়েছে তার মধ্যে বিশেষ করে ফেসবুককে এটিটির প্রতিক্রিয়ায় একদম নতুন করে টুলস নির্মাণ করতে হচ্ছে। আমার বিশ্বাস নতুন অবকাঠামো নির্মাণে অন্তত এক বছর লাগে। নতুন টুল ও ফ্রেমওয়ার্ক নির্মাণ করতে হয় এবং অনেক বেশি সংখ্যার ব্যবহারকারীদের জন্য চালু করার আগে বিস্তর পরীক্ষা চালাতে হয়।

অ্যাপলের নতুন নীতিমালার কারণে সামাজিক মাধ্যম ও অন্য অ্যাপগুলোকে বিজ্ঞাপন নিয়ে আরো কৌশলী হতে হবে। সেটি হতে পারে অ্যান্ড্রয়েড ডিভাইসে আরো গুরুত্ব দেয়ার মাধ্যমে বা অ্যাপলের বিজ্ঞাপন ব্যবসায় বিনিয়োগ করার মাধ্যমে। প্রতিষ্ঠানগুলোকে আয়ের এমন কৌশল খুঁজতে হবে, যেখানে আইফোনের মাধ্যমে অনুসরণ করতে হয় না গ্রাহককে।