এখন থেকে গুগল ক্রোম ব্রাউজারের এক্সটেনশনে পাওয়া যাবে মাইক্রোসফট আউটলুক। ই-মেইল অ্যাকসেস সহজ করতে ব্রাউজারটিতে নতুন করে আউটলুক এক্সটেনশনটি যোগ করল গুগল।
উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের আউটলুক সুবিধাটি গুগলের এক্সটেনশনে এখনই পাওয়া যাচ্ছে। ক্রোমে যুক্ত হলে এক্সটেনশনটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি হটমেইল অ্যাকাউন্টে অ্যাকসেস করতে পারবেন। এছাড়া কোনো ট্যাব পরিবর্তন না করেই মাইক্রোসফটের ই-মেইল পরিষেবা পাবেন। এর আগে গত জুনে মাইক্রোসফট এজের জন্য একই রকম একটি এক্সটেনশন প্রকাশ করেছিল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
গুগল ক্রোমে মাইক্রোসফটের আউটলুক এক্সটেনশন ব্যবহার করে ব্যবহারকারীরা শুধুই যে দ্রুত ই-মেইল অ্যাকসেস করতে পারবেন, তা কিন্তু নয়। বরং তারা আউটলুক ক্যালেন্ডার, টাস্ক ও কন্ট্যাক্টসও ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে এসব সুবিধা নিজের মতো করে এডিট ও যোগ করার সুবিধাও থাকছে।










