ব্যাটারির শক্তি সঞ্চয় বা ধারণক্ষমতা বর্তমানে ব্যবহূত আয়রন ফসফেটের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ বাড়াতে নতুন উপাদান তৈরিতে কাজ করছে চীনের প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পারেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল)। খবর রয়টার্স।

ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি শীর্ষাবস্থান ফিরে পেতে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তাদের ব্যাটারি সেলের উন্নয়নে এ পদক্ষেপ নিয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড নিউ এনার্জি ভেহিকল সম্মেলনে জেং ইউকান বলেন, নতুন ম্যাটারিয়াল বা উপাদান প্রযুক্তি এম৩পি নামে পরিচিত। সিএটিএলের পরবর্তী প্রজন্মের ব্যাটারি প্যাক প্রযুক্তির সহায়তায় একটি বৈদ্যুতিক গাড়ি ৭০০ কিলোমিটার বা ৪৩০ মাইল চলতে পারবে।

নতুন উপাদান নিকেল ও কোবাল্টনির্ভর ব্যাটারির তুলনায় উৎপাদন খরচও অনেকাংশে কমিয়ে দেবে বলে জানা গিয়েছে। তবে এম৩পি ব্যাটারিতে কোন উপাদান ব্যবহার করা হবে এবং কবে নাগাদ ব্যাপক উৎপাদন শুরু হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চীনের নীতিনির্ধারণের জন্য জাতীয় উপদেষ্টা সংস্থার ভাইস চেয়ারম্যান ওয়ান গ্যাং বলেন, বৈদ্যুতিক গাড়ির জন্য যে ব্যাটারি ২০৩০ সাল নাগাদ আসবে সেটির বাজার ২৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।