গত বছর শুরু হওয়া করোনা মহামারীতে ভেঙে পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইন। এর প্রভাব অনুভূত হয়েছে গাড়ি শিল্প, ইলেকট্রনিকস ও গেমিং থেকে শুরু করে ল্যাপটপ ও স্মার্টফোন শিল্পে। অনেক গাড়ি কোম্পানি তাদের কারখানা কার্যক্রম কমিয়ে দিয়েছে। অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট তাদের আইপ্যাড তৈরি কমাতে বাধ্য হয়েছে। উপকরণস্বল্পতা ও সরবরাহ চেইন সংকটে টিএসএমসি, স্যামসাং থেকে শুরু করে সব চিপ নির্মাতা জায়ান্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর মধ্যেও বিরল ব্যতিক্রম চিপ নির্মাতা ‘অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। ভবিষ্যৎ চাহিদা বিষয়ে কয়েক বছর আগে থেকেই প্রস্তুতি নেয়া থাকে বলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লেও তার কারণে এএমডির উৎপাদনে বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা। খবর রয়টার্স।
মহামারী চলাকালীন ঘরে আটকা পড়েছিলেন বিপুলসংখ্যক মানুষ। ওই সময়ে প্রযুক্তিপণ্যের বাজারে চাহিদা বেড়েছে সেমিকন্ডাক্টর চিপের। যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটে ব্যবহূত হয় সেমিকন্ডাক্টর চিপ।এ চিপ সরবরাহের অভাবে প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা থমকে গিয়েছিল। কিন্তু ওই একই সময়ে এএমডি বাজার শেয়ার বাড়িয়েছে। নতুন মডেলের প্রসেসর চিপ বাজারে এনে শীর্ষ প্রতিদ্বন্দ্বী ইনটেলকে হটিয়ে পিসি এবং সার্ভার বাজারের বড় একটা অংশ দখল করে নিয়েছে এএমডি।
পর্তুগালের লিসবনে আয়োজিত ‘ওয়েব সামিট’
সম্মেলনে এএমডির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মার্ক পেপারমাস্টার বলেন, আমরা যেন টানা কয়েক মাস এমনকি কয়েক বছরের সরবরাহ নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারি সেজন্য আমাদের সরবরাহ ব্যবস্থার দায়িত্বে থাকা দলটি কাজ করেছে।










