চীনের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন করতে চাইছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। পাশাপাশি আঞ্চলিক ব্যবসার অন্যতম ক্ষেত্রে পরিণত হতে চাইছে। এর অংশ হিসেবে রিয়াদকে মধ্যপ্রাচ্যের সদর দপ্তর করার উদ্যোগ গ্রহণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস। এ বিষয়ে অবগত সূত্রে তথ্যটি জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনের বরাতে ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়, সৌদি আরবের রাজধানী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে হুয়াওয়ের অফিস রয়েছে। বর্তমানে চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান দেশটিতে নিজেদের পরিধি বাড়াতে রিয়াদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। অবগত একটি সূত্র নাম না প্রকাশ করার শর্তে এ তথ্য জানায়।
সূত্রগুলো জানায়, সদর দপ্তর চালুর বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যোগাযোগ করা হলেও হুয়াওয়ের একজন মুখপাত্র মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করে। বর্তমানে দুবাই ও বাহরাইনে হুয়াওয়ের সদর দপ্তর রয়েছে।
আগে দেয়া এক ঘোষণায় সৌদি আরব জানায়, যেসব বিদেশী প্রতিষ্ঠানের আঞ্চলিক সদর দপ্তর নেই ২০২৪ সাল থেকে তারা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে না। মূলত অর্থনীতিকে শক্তিশালী করতে ও বিদেশী বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। হুয়াওয়েসহ অন্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করতে যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছে।










