বহুল কাঙ্ক্ষিত ফোল্ডেবল ফোন ২০২২ কিংবা ২০২৩-এও আসছে না। এক বিশ্লেষকের পূর্বাভাস এখন থেকে তিন বছর বাদে আসতে পারে অ্যাপলের ফোল্ডেবল ফোনটি। খবর টেক টাইমস।
সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন স্মার্টফোন কোম্পানি যেখানে ফোল্ডেবল ফোনে ঝুঁকছে, সেখানে অনেক পিছিয়ে আছে অ্যাপল। গ্যালাক্সি ফোল্ড ও গ্যালাক্সি ফ্লিপ সিরিজের মাধ্যমে এ সেগমেন্টে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। স্যামসাংয়ের দেখাদেখি হুয়াওয়ে, শাওমি, ভিভো থেকে শুরু করে অপোও বাজারে নিয়ে আসছে তাদের ফোল্ডেবল ফোন। কিন্তু মার্কিন প্রযুক্তি জায়ান্টটির পিছিয়ে থাকা বিস্ময় উত্পন্ন করেছে।
২০২০ সালে ম্যাক রিউমার্সে এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলকে ফোল্ডেবল ফোনের বেশ কয়েকটি ডিসপ্লে স্যাম্পল সরবরাহ করেছে স্যামসাং। তখন থেকেই ফোল্ডেবল ফোনের বাজারে অ্যাপলের প্রবেশ নিয়ে গুঞ্জন শুরু হয় এবং গ্রাহকদের আগ্রহের পারদ বাড়তে থাকে। সর্বশেষ গত মে মাসে সুপরিচিত অ্যাপল বিশ্লেষক মিং-চি কিয়ু জানান, ২০২৩ সালের দিকে বাজারে ফোল্ডেবল ফোন আনার চেষ্টা করছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। তিনি এ পূর্বাভাসও দিয়েছিলেন যে ফোনটিতে ৮ ইঞ্চির নমনীয় ওএলইডি ডিসপ্লে থাকবে।
তবে সোমবার রস ইয়াং নামে অন্য এক বিশ্লেষক জানান, ২০২২ তো দূরের কথা, ২০২৩-এও আলোর মুখ দেখবে না ফোল্ডেবল আইফোনটি।










