যুক্তরাষ্ট্রে পডকাস্ট, অডিওবুক ও লাইভ টক শোর শ্রোতা লক্ষণীয়ভাবে বাড়ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালের পর ১৩ বছরোর্ধ্ব শ্রোতাদের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। বিপরীতে মিউজিকের শ্রোতার সংখ্যা ৮ শতাংশীয় পয়েন্ট কমেছে। স্ট্রিমিংয়ের কারণে ভোক্তাদের বড় অংশ ডিজিটাল মাধ্যমে তাদের বিভিন্ন শখ যেমন—রেডিও শোনা, বই পড়া কিংবা টক শো শুনছেন। এনপিআর অ্যান্ড রিসার্চের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, শ্রোতাদের উল্লেখযোগ্য অংশের বয়স ১৩ থেকে ৩৪ বছরের মধ্যে।
সম্প্রতি ফাইন্ডঅ্যাওয়ে নামে একটি অডিওবুক ডিস্ট্রিবিউশন কোম্পানি অধিগ্রহণ করেছে স্পটিফাই। নিজেদের প্লাটফর্মে আরো অডিওবুক সরবরাহ নিশ্চিতের জন্য ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণ করল সুইডিশ মিউজিক স্ট্রিমিং জায়ান্টটি। ২০০৫ সালে যাত্রা করা ফাইন্ডঅ্যাওয়ের হাতে রয়েছে বৃহত্তম অডিওবুকের ক্যাটালগ। অ্যাপল, গুগল ও অ্যামাজনের অডিবলের মতো কোম্পানির কাছে অডিওবুক পাইকারিতে বিক্রি করছে ওহাইয়ুর সোলনভিত্তিক কোম্পানিটি।
গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার বরাতে জানা গেছে, ২০২১ সালে বৈশ্বিক অডিওবুক বিক্রি হতে পারে ৪৮০ কোটি ডলার। ২০২৬ সালে তা দ্বিগুণ বেড়ে ৯৩০ কোটি ডলারে দাঁড়াতে পারে। দ্রুত সম্প্রসারমাণ অডিওবুকের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণ করতে যাচ্ছে স্পটিফাই। চলতি বছরের শেষের দিকে এ অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে কী পরিমাণ অর্থে এ অধিগ্রহণ হচ্ছে তা নিশ্চিত হয়নি।
পডকাস্ট খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি এবার অডিওবুকের দিকে মনোযোগ দিয়েছে সুইডিশ মিউজিক স্ট্রিমিং জায়ান্টটি।










