সেলফোনের জন্য ফাইভজি নেটওয়ার্ক পরিষেবা বিস্তারে ব্যবহৃত চীনা যন্ত্রাংশ পরীক্ষা করছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে সূত্রে তথ্যটি জানা গেছে। মূলত সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বার্লিন। খবর রয়টার্স।

দেশটির এক গণমাধ্যমে কাছে দেয়া বিবৃতিতে ফায়েসার বলেন, ‘যোগাযোগের জন্য যে নেটওয়ার্ক সেটি আমাদের রক্ষা করতে হবে। এছাড়া তিনি তিনটি বিষয়ে অনুসন্ধানের কথা জানান। এগুলো হলো ঝুঁকি চিহ্নিত করা, বিপদ এড়ানো ও নির্ভরশীলতা কাটানো।’

গত মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জার্মান সরকার জানায়, দেশটি এর টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে ও জিটিইর যন্ত্রাংশ ব্যবহার বন্ধের পথে রয়েছে। এখানেও ব্যবহারকারী ও জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পরিষেবা থেকে হুয়াওয়েকে আলাদা করে দেয়ার বিষয়ে জার্মান সরকার শক্ত অবস্থানে ছিল। কেননা মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলে ভবিষ্যতে চীনের গুপ্তচররা জার্মান নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালাতে পারে।