মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল এরিনা গেম, এরিনা অব ভ্যালর বাংলাদেশ সফলভাবে এআইসি সাউথ এশিয়া কোয়ালিফায়ার্স আয়োজন সম্পন্ন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ই-স্পোর্টস টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়া থেকে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী দলগুলো টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতার পুরস্কারের মোট মূল্যমান ছিল ৭৫ লাখ টাকা। আয়োজনের সহায়ক পার্টনার হিসেবে ছিল ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ।

আঞ্চলিক পর্যায়ে জয় পাওয়া আট দলের সদস্যরা ঢাকার পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। এ গ্র্যান্ড ফাইনালের বিজয়ী দল বিশ্ব পর্যায়ে এরিনা অব ভ্যালর খেলার সুযোগ পাবে। আগামী সেপ্টেম্বরে চীনে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। সেখানে এরিনা অব ভ্যালর গেমটি মেডেল ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

গেমের ফাইনাল ইভেন্টে বাংলাদেশ থেকে চারটি, পাকিস্তান থেকে দুটি এবং মিয়ানমার ও কম্বোডিয়া থেকে একটি করে টিম অংশগ্রহণ করে। চুড়ান্ত প্লে-অফে মিয়ানমারের স্টারি হোপ টিম চ্যাম্পিয়ন হয়। প্রথম রানার আপ হয় বাংলাদেশের মার্টার্স ব্রুট ফোর্স ডিমেনটরস। উই ইস্পোর্টস আর্মাডা, ভেনোম ইস্পোর্টস ও উই ইস্পোর্টস ওরিয়েন্টাল ফিনিক্স যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, শিল্পী তাহসান খান, মুমতাহিনা টয়া ও তার স্বামী সৈয়দ জামান শাওন। এরিনা অব ভ্যালর, বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেইন আয়োজন শেষে বক্তব্য দেন।