আগামী বছর থেকে দক্ষিণ কোরিয়ার সাবওয়ে যাত্রীরা উন্নততর ওয়াই-ফাই সেবা ভোগ করবে। বর্তমানের চেয়ে দশ গুণ বেশি গতির ডাটা বিনিময় করতে সক্ষম হবে নতুন ওয়াই-ফাই প্রযুক্তিটি। সম্প্রতি দেশটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর কোরিয়া হেরাল্ড।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ার সাবওয়েতে ওয়াই-ফাই সিক্স ই প্রযুক্তি ব্যবহার করা হবে। বর্তমানে ব্যবহূত ওয়াই-ফাই থেকে এর ইন্টারনেট সংযোগ বেশি নির্ভযোগ্য এবং ১০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেকোনো বেসরকারি টেলিকম নেটওয়ার্কের মতো আধুনিক হবে দেশের সাবওয়ে ওয়াই-ফাইটি।
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর আগে সাবওয়েতে ট্রান্সমিটেড সিগন্যাল পাওয়ার সীমিত করেছিল। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও সম্প্রচার মাধ্যমগুলোর মাঝে ফ্রিকোয়েন্সি গোলযোগ এড়াতে এ ব্যবস্থা নিয়েছিল মন্ত্রণালয়। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার নেটওয়ার্ক নীতির পরিচালক চুই
উ হিউক এক বিবৃতিতে বলেন, নীতি শিথিল করার মাধ্যমে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া। ফলে নাগরিকদের জন্য সাবওয়েতে ওয়াই-ফাইয়ের গুণমান বৃদ্ধি হবে।










