ব্যবহারকারীদের জন্য তাদের ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে বহুমুুখী পছন্দ ও ডেভেলপারদের আরো নিখুঁত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে অ্যাপল। খুব শিগগিরই আইফোনে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে অ্যাপল, যা কিছু প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রের তথ্যানুযায়ী অ্যাপ প্রাইভেসি রিপোর্ট নামে নতুন এ ফিচার চালু করা হবে। আইওএস ১৫.২ বেটা ভার্সনে এ ফিচার যুক্ত হবে।
অ্যাপলবিষয়ক সংবাদদাতা পোর্টাল নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, এ ফিচারটি আইফোনের সেটিংস অ্যাপের একটি অংশ হিসেবে চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে বিভিন্ন অ্যাপের পারমিশন-সংক্রান্ত তথ্য জানতে পারবেন। যেমন—কোন অ্যাপ কখন তাদের ডিভাইসের লোকেশন, ফটোস, ক্যামেরা, মাইক্রোফোন এবং কন্ট্যাক্টসে প্রবেশ করে। নতুন এ ফিচারের মাধ্যমে প্রতি সাতদিন অন্তর ব্যবহারকারীরা এসব তথ্য জানতে পারবেন।
উদাহরণস্বরূপ, ঠিক কতবার ওয়েদার অ্যাপ ডিভাইসের লোকেশন অ্যাকসেস চায়, ইনস্টাগ্রাম কতবার ডিভাইসের ফটোস অথবা ক্যামেরার অ্যাকসেস চায় এসব তথ্য সুনির্দিষ্টভাবে জানা যাবে। এছাড়া এ ফিচারের মাধ্যমে নেটওয়ার্ক অ্যাক্টিভিটিও অনুসরণ করা হবে। যেমন—কোন অ্যাপ অন্যান্য ডোমেইনে কতবার ও কখন প্রবেশ করে। ফলে ব্যবহারকারীরা তাদের ব্যবহূত অ্যাপগুলো ঠিক কোথায় কোথায় ও কীভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সে সম্পর্কে পরিষ্কার তথ্য পাবেন।










