চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বে ট্যাবলেট পিসি বিক্রি আগের বছরের চেয়ে কমেছে ১০ শতাংশ। মূলত বিভিন্ন যন্ত্রাংশের সরবরাহ সংকটের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ লোকসানের মুখে পড়েছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর আইএএনএস।
অ্যাপল ও লেনোভো ব্যতীত বিশ্বে অন্যান্য ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান এ সংকটের মুখে পড়েছে এবং তাদের বাজার সংকোচিত হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের তথ্যানুযায়ী, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের আইওএস/আইপ্যাডওএস ডিভাইসের বিক্রি ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ৭৩ লাখ ইউনিটে পৌঁছেছে এবং মার্কেট শেয়ার ৮ শতাংশ বেড়ে ৩৮ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যদিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের শীর্ষ উৎপাদনকারী হিসেবে তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের ট্যাবলেট বিক্রির হার গত বছরের তুলনায় ২৩ শতাংশ কমে ৭৫ লাখ ইউনিটে পৌঁছেছে এবং প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ১৭ শতাংশ কমেছে। এদিক থেকে এক বছরের হিসাবে অনেকটাই এগিয়ে গেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। চলতি বছর প্রতিষ্ঠানটির ট্যাবলেট পিসি বিক্রি ৫ শতাংশ বেড়ে ৪৩ লাখ ইউনিটে পৌঁছেছে। তৃতীয় প্রান্তিকে অ্যামাজনের ফায়ার ট্যাবলেটের বিক্রি ২৪ শতাংশ কমে ৩৭ লাখ ইউনিট এবং হুয়াওয়ের বিক্রি ৬৪ শতাংশ কমে ১৮ লাখ ইউনিটে পৌঁছেছে।
কানেক্টেড কম্পিউটিংয়ের পরিচালক এরিক স্মিথ বলেন, যন্ত্রাংশের সরবরাহ সংকটের সময় যখন অন্য প্রতিষ্ঠানগুলো পণ্যের সন্ধান করছিল, তখন অ্যাপল তাদের অত্যাধুনিক ও অধিক কার্যকর ট্যাবলেটের পোর্টফোলিওর মাধ্যমে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে। লেনোভো, ডেল ও এইচপির মতো প্রতিষ্ঠান ডিটাচেবল ট্যাবলেট বিক্রির মাধ্যমে তৃতীয় প্রান্তিকে ভালো প্রবৃদ্ধির দেখা পেয়েছে। অন্যদিকে মাইক্রোসফট এখনো তাদের পুরনো সারফেস ডিভাইসের পোর্টফোলিও নিয়ে কাজ করছে।
শিল্প বিশ্লেষক চেরাগ উপাধ্যায় বলেন, তৃতীয় প্রান্তিকে চীনের ট্যাবলেট বাজারে ভালো প্রবৃদ্ধি হয়েছে। মূলত এটি দেশটিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রবেশাধিকার, স্বচ্ছ বাজার ব্যবস্থা ও ব্র্যান্ডগুলোর গ্রহণযোগ্যতার হার এর প্রতিফলন। উদাহরণস্বরূপ, অ্যাপল, লেনোভো, শাওমি ও অনর বছরওয়ারি হিসেবে সর্বোচ্চ বিক্রি বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। যেখানে স্যামসাং, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের বিক্রি দ্বিগুণেরও বেশি হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, যেহেতু করোনা মহামারী বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন সময়ে বিরূপ প্রভাব ফেলেছে, তাই আমরা আশা করছি বাজারে ইলেকট্রনিক ডিভাইসের চাহিদা করোনা পূর্ববর্তী সময়কেও ছাড়িয়ে যাবে।
অন্যদিকে চলমান চিপ সংকট কাটাতে ও উৎপাদন বাড়াতে বিশ্বে বিভিন্ন দেশ তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিপ ও অন্যান্য যন্ত্রাংশের জন্য বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের উৎপাদনকারীদের ওপর নির্ভরশীল। এ ধারা থেকে বেরিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান প্রযুক্তি লড়াইয়েও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি। স্থানীয় চিপ শিল্পকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এশিয়ার অন্যান্য চিপ নির্মাতা জায়ান্টের চেয়ে অনেক পিছিয়ে আছে বৃহত্তম এ বাজার। চিপ নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হওয়াকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র, ইইউ, জাপান ও চীনের মতো দেশগুলো।










