ইতালিতে শতকোটি ইউরোর উন্নত চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে যুক্তরাষ্ট্রের অন্যতম সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেলকে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে রোম। এজন্য নতুন প্রস্তাব দিচ্ছে দেশটি। কেননা আরো বড় কারখানা স্থাপনের দিক থেকে জার্মানি এগিয়ে রয়েছে বলে তিনটি সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।

ইউরোপে নতুন কারখানা স্থাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি এ অঞ্চলে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদন ক্ষেত্র তৈরি করতে চায়। ফলে ভবিষ্যতে যেকোনো ধরনের সংকট রুখে দেয়া যাবে। বর্তমানে চলমান চিপ সংকট মোটরগাড়ি শিল্পকে অনেকটা পঙ্গু করে দিয়েছে।

রোম এরই মধ্যে ইন্টেলের সঙ্গে সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছে। আলোচনার বিষয়ে অবগত সূত্রের তথ্যানুযায়ী, এ বিনিয়োগের পরিমাণ আনুমানিক ৪০০ কোটি ইউরো বা ৪৭০ কোটি ডলারের কাছাকাছি।

সূত্র জানায়, ইতালিতে নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে রোম পারিশ্রমিক ও বিদ্যুৎসহ বেশকিছু ক্ষেত্রে অর্থায়নের বিষয়ে ইন্টেলকে অবহিত করেছে। এ কারখানা স্থাপিত হলে অঞ্চলটিতে ১ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও সূত্রে জানা গেছে।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে একটি সূত্র জানায়, চলতি বছরের শেষ নাগাদ একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে দেশটির সরকার বিস্তারিত তথ্য সংবলিত একটি প্রস্তাব তৈরি করছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ইন্টেল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

মেগা ফ্যাক্টরি স্থাপনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি জার্মানির ড্রেসডেনকে পছন্দের শীর্ষে রেখেছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে এ মেগা ফ্যাক্টরি স্থাপনের বিষয়ে কোনো দেশের সঙ্গেই সরাসরি আলোচনা শুরু করেনি ইন্টেল।