কৃত্রিম বুদ্ধিমত্তার"(এআই) নতুন এক বিস্ময়কর এজেন্ট বা প্রতিনিধি অটো-জিপিটি।"অত্যাধুনিক এ প্রগ্রাম প্রযুক্তিজগতে আরেক আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে। তথ্য বলছে, এটি একটি ওপেন-সোর্স প্রগ্রাম, যা স্বাধীনভাবে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন ও পরিচালনা করতে জিপিটি-ফোরের মতো প্রযুক্তি ব্যবহার করে। এটি অনলাইনে সফটওয়্যার ও পরিষেবাগুলোর সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারে। ওপেনএআইয়ের সর্বশেষ এআই মডেলগুলোর বহুমুখী ব্যবহারের মাধ্যমে এটি স্বয়ক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে পারে। ফলে একে স্বয়ংক্রিয় কাজের জন্য সহায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
টেকক্রাঞ্চের প্রতিবেদন বলছে, অটো-জিপিটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। এটি গেম ডেভেলপার তোরান ব্রুস রিচার্ডসের তৈরি একটি ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। মূলত ওপেনএআইয়ের ‘জিপিটি-৩.৫’ ও ‘জিপিটি-৪’-এর মতো টেক্সট জেনারেটিং মডেল ব্যবহার করে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এ স্বয়ক্রিয় কাজের মধ্যে কোনো জাদু নেই। কেননা অটো-জিপিটি শুধু ওপেনএআই মডেলগুলোর প্রাথমিক প্রম্পটের কাজগুলো করে। একটি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিভিন্ন জিজ্ঞাসা ও এর উত্তর দেয়ার কাজটি সম্পাদন করে।
অটো জিপিটি মূলত জিপিটি-৩.৫ ও জিপিটি-৪-এর সংমিশ্রণ। যখন একজন ব্যবহারকারী অটো-জিপিটিকে বলে দেয় তাদের লক্ষ্য কী, তখন প্রগ্রামটি জিপিটি-৩.৫ ও জিপিটি-৪ ব্যবহার করে এবং আরো কয়েকটি প্রগ্রামের সাহায্যে ব্যবহারকারীর নির্ধারণ করা লক্ষ্য পূরণ করার জন্য সব পদক্ষেপ নিতে সাহায্য করে।
এভাবেই অটো-জিপিটি সহজেই অনলাইনে ও বাহ্যিকভাবে অ্যাপ, সফটওয়্যার ও পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা অর্জনের জন্য সক্ষম হয়ে ওঠে। যেমন ওয়েব ব্রাউজার বা ওয়ার্ড প্রসেসরের ক্ষেত্রেও তাদের সক্ষমতা বাড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, তাকে যদি বলা হয়, ‘আমাকে ফুলের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে’। তাহলে অটো-জিপিটি একটি যুক্তিযুক্ত বিজ্ঞাপন কৌশল তৈরি করতে পারে। এমনকি একটি মূল ওয়েবসাইটও তৈরি করে দিতে পারে।
সফটওয়্যার ডেভেলপার জো কোয়েন এর আগে অটো-জিপিটির সাহায্য নিয়েছেন। তিনি বলেন, ‘চ্যাটবটকেন্দ্রিক এআই মডেল যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটিতে আগে ক্রমাগত প্রম্পটিং দরকার পড়ত। সেখানে অটো-জিপিটি মূলত বেশ কয়েক ধাপের প্রজেক্টকে স্বয়ংক্রিয় করে তোলে।’
কোয়েন বলেন, ‘অটো-জিপিটি দিয়ে একটি এজেন্টকে বোঝানো হয়, যেটা দিয়ে ওপেন এআইয়ের এপিআইয়ের সঙ্গে সংযোগ করা হয়। এ এজেন্টের মূল লক্ষ্য এআই পরিচালনা করে এজেন্টের অনুরোধের ভিত্তিতে বেশ কয়েক ধরনের নির্দেশনামতো কাজ সম্পাদন করা।’
অটো-জিপিটি কোনো কাজ সম্পন্ন করার জন্য মেমোরি ম্যানেজমেন্টের মতো ফিচারের ওপর নির্ভর করে। একই সঙ্গে টেক্সট জেনারেশনের জিপিটি-৪ ও জিপিটি-৩.৫ মডেলও ব্যবহার করে। পাশাপাশি ফাইল সংরক্ষণ ও সংক্ষিপ্তকরণও কাজে লাগায়। এছাড়া ইলেভেনল্যাবসের মতো স্পিচ সিনথেসাইজারও ব্যবহার করে অটো-জিপিটি, যা দিয়ে এতে ফোন কল করা যায়।










