সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে পূর্ব-ইউরোপের তিনটি দেশের সঙ্গে কাজ করার অপেক্ষায় তাইওয়ান। মূলত এ অঞ্চলে চিপ উৎপাদনে ব্রাসেলসের অনুমতি পেতে উদ্যোগটি নেয়া হয়েছে। সম্প্রতি দেশটির একজন মন্ত্রী এ কথা জানান। খবর রয়টার্স।

বিশ্বের অধিকাংশ চিপ সরবরাহ করে তাইওয়ান। বিশেষ করে সংকট শুরুর পর তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) তাদের উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগে উৎপাদন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। ইউরোপে একই পরিমাণ বিনিয়োগে ইইউ চেষ্টা চালালেও এ ব্যাপারে টিএসএমসি কোনো মত দেয়নি। গত মাসে স্লোভাকিয়া, চেক রিপাবলিক ও লিথুনিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তাইওয়ানের জাতীয় উন্নয়ন পরিষদের প্রধান কুং মিং শিন। সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সফরকালীন তিনটি দেশই তাইওয়ানের সঙ্গে চিপ উৎপাদনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। চিপ উৎপাদনে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে তাইওয়ান তিনটি দেশের সঙ্গে ওয়ার্কিং গ্রুপ তৈরি করবে। চিপ উৎপাদন বাড়াতে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি তাইওয়ানের অংশগ্রহণেও বিধি আরোপ করতে চেয়েছিল। কুং বলেন, নিজস্ব প্রক্রিয়ায় চিপ উৎপাদন ইউরোপের জন্য অত্যন্ত কঠিন একটি বিষয়। তাই তারা এখন তাইওয়ানের সহযোগিতা আশা করছে।