ডেস্কটপ থেকে লাইভ স্ট্রিমিংয়ে নতুন অ্যাপের পরীক্ষা চালাচ্ছে টিকটক। টিকটক লাইভ স্টুডিও নামে এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটারের মাধ্যমে প্লাটফর্মটিতে লাইভ করতে পারবেন। খবর এনগ্যাজেট।

সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি টিকটকে স্ট্রিম করতে পারবেন। অ্যাপটির অন্যতম একটি ব্যবহার ক্ষেত্র হচ্ছে গেমসের লাইভস্ট্রিম। এটি চালু হলে বর্তমানে গেমিং কমিউনিটিতে শীর্ষে থাকা টুইচের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় নামবে প্লাটফর্মটি। লাইভ স্টুডিও অ্যাপ ব্যবহারকারীরা তাদের কম্পিউটার, ফোন কিংবা গেম কনসোল থেকে স্ট্রিম করতে পারবেন।

বর্তমানে অ্যাপটিতে তেমন কোনো ফিচার যুক্ত করা হয়নি। কনটেন্ট নির্মাতারা গিফট দেয়া, কমেন্ট করাসহ অল্প কিছু ফিচার ব্যবহার করতে পারছেন। ওবিএস ও স্ট্রিমল্যাবসের মতো সফটওয়্যারে ব্রাউজার উইন্ডোকে স্ট্রিমিংয়ের উৎস হিসেবে নির্ধারণ করা গেলেও টিকটক লাইভ স্টুডিওতে সেটি করা সম্ভব হচ্ছে না।

আনুষ্ঠানিকভাবে অ্যাপটি ব্যবহারের জন্য এখনো উন্মুক্ত করেনি প্লাটফর্মটি। এক বার্তায় টিকটক টেকক্রাঞ্চকে জানায়, বর্তমানে কয়েক হাজার ব্যবহারকারী অ্যাপ চালাতে পারছে। প্রতিষ্ঠানটি যদি অ্যাপ নিয়ে সামনে এগোতে চায় তাহলে ধীরে ধীরে এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানা গেছে।