ব্যবহারকারীদের কাছ থেকে অনুদান গ্রহণে নতুন ফিচার চালু করেছে এনক্রিপ্টেড মেসেজিং প্লাটফর্ম সিগন্যাল। সাসটেইনার প্রোগ্রাম নামে এটি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।
নতুন এক ব্লগপোস্টে বলা হয়, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সিগন্যাল কোনো বিজ্ঞাপনদাতা বা শেয়ারহোল্ডারদের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করে না। ব্যবহারকারীদের অনুদানের ওপরই প্রতিষ্ঠানটি নির্ভরশীল। পোস্টের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা চাইলে অ্যাপল পে অথবা গুগল পের মাধ্যমে মাসিক বা এককালীন অনুদান দিতে পারবেন। অনুদানসংক্রান্ত কোনো তথ্য ব্যবহারকারীর সিগন্যাল অ্যাকাউন্টে থাকবে না বলেও জানানো হয়েছে। প্রাইভেট সিগন্যাল গ্রুপের জন্য প্রতিষ্ঠানটি যে পদ্ধতি ব্যবহার করে, ব্যক্তিগত ক্ষেত্রেও সেটি অনুসরণ করা হবে।
ক্লায়েন্টরা অর্থ দেয়ার পর তাদের প্রোফাইলে একটি ব্যাজ যুক্ত করে দেয়া হয়। এর মাধ্যমে সিগন্যাল অ্যাপের সার্ভার থেকে অনুদানপ্রাপ্তির তালিকায় ব্যবহারকারীদের সহজে যুক্ত
করা যায়।
সিগন্যাল অ্যাপে অনুদানের জন্য ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্যাজ অনুযায়ী ৫, ১০ অথবা ২০ ডলারের আলাদা সাসটেইনার লেভেল নির্ধারণ করতে পারেন। যদি কোনো ব্যবহারকারী এক মাসের মধ্যে সিগন্যাল ব্যবহার করেন তাহলে সাসটেইনার সাবস্ক্রিপশন নবায়ন হবে। যদি কেউ অ্যাপ আনইনস্টল করেন বা ব্যবহার বন্ধ করে দেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে অনুদান বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে পেমেন্টের ক্ষেত্রে আরো পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।










