চলতি সপ্তাহের শুরুতে একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট লগইনের সুবিধা চালু করেছে মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীরা মোবাইলে সংযোগ চালু রাখা ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। সম্প্রতি আরো একটি ফিচার চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে তাদের মেসেজ সিন করার সময় আড়াল করতে পারবেন। খবর গিজমোচায়না।
নতুন ফিচারটি ব্যবহারকারীদের নাম প্রকাশ না করার একটি বিকল্প ব্যবস্থা। ব্যবহারকারীরা যাদের কাছে তাদের লাস্ট সিন স্ট্যাটাস না দেখাতে চান তাদের হোয়াটসঅ্যাপ থেকে নির্বাচন করতে পারবেন। বর্তমানে প্রচলিত স্টেবল ভার্সনে তিনটি অপশন রয়েছে। প্রথমে যাদের কাছে ব্যবহারকারীর নম্বর আছে তাদের দেখার সুযোগ প্রদান, দ্বিতীয়ত যারা শুধু তালিকায় রয়েছে ও তৃতীয়ত কাউকেই দেখার সুযোগ না দেয়া।
যেসব ব্যবহারকারী তাদের পরিবার-পরিজন ও বন্ধুদের থেকে দূরে থাকতে চান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দূরত্ব বজায় রাখতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি ফিচার হিসেবে কাজ করবে। মেসেজ বা বার্তা দেখার পর তাত্ক্ষণিক উত্তর দেয়ার যে রীতি বা চর্চা রয়েছে, সেখান থেকেও বেরিয়ে আসা যাবে। বর্তমানে বেটা ব্যবহারকারীদের জন্য নির্ধারিত কিছু ডিভাইসে এ ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে। কবে নাগাদ এ ফিচার উন্মুক্ত করা
হবে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।










