শিশুদের জন্য নিরাপদ ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরিতে কাজ করবে এপিক গেমস ও দ্য লেগো গ্রুপ। শিশুদের পাশাপাশি পরিবারের জন্য নিরাপদ ও আনন্দদায়ক মেটাভার্স তৈরিতে পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠান দুটি। তবে এ প্রকল্পসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এনগ্যাজেট।
প্রতিষ্ঠান দুটি তিনটি নীতির ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত, আদর্শ ও ডিজিটাল অভিজ্ঞতাসম্পন্ন প্লাটফর্ম তৈরির অঙ্গীকার করেছে। প্রথমত, নিরাপত্তা ও সুস্থতার বিষয় প্রাধান্য দিয়ে শিশুদের খেলার অধিকার নিশ্চিত করা। দ্বিতীয়ত, শিশুদের পছন্দের বিষয়টিকে সামনে রেখে তাদের গোপনীয়তা রক্ষা করা এবং সবশেষে ডিজিটাল অভিজ্ঞতা অর্জনে শিশু ও প্রাপ্তবয়স্কদের টুল ব্যবহারের সুবিধা দেয়া।
নতুন ভার্চুয়াল ওয়ার্ল্ডটি কবে নাগাদ ব্যবসায়িক কার্যক্রমের জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে এপিক ও লেগোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সময় উল্লেখ করা হয়নি। এপিক গেমস তাদের ফোর্টনাইট গেমকে শিশুবান্ধব মেটাভার্সের উদাহরণ তৈরি করেছে। ব্যাটল রয়্যাল, অগণিত ক্রসওভার, কনসার্ট, মুভি নাইট ও ক্রিয়েটিভ দ্বীপের মতো ফিচারের মাধ্যমে এপিক গেমটিকে ভার্চুয়াল সম্মিলনের অন্যতম কেন্দ্রে পরিণত করেছে।
লেগোরও ভার্চুয়াল জগতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মূলত দীর্ঘদিন ধরে স্বীকৃত গেম সিরিজের মাধ্যমে এ প্লাটফর্মে রয়েছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে লেগো স্টার ওয়ার্স: দ্য স্কাইওয়াকার সাগা নামে নতুন গেম বাজারে উন্মুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি মেটাভার্স তৈরির যে উদ্যোগ নিয়েছে তা রবলক্সের সঙ্গে প্রতিযোগিতা করবে। প্লাটফর্মটিকে তরুণ গেমারদের একটি বড় কমিউনিটি রয়েছে। পাশাপাশি এখানের ব্যবহারকারীরা অ্যাডাল্ট কন্টেন্ট থেকেও সুরক্ষিত।










