টুইটার অধিগ্রহণের পর নতুন নতুন নীতিমালা প্রবর্তন করেছেন ইলোন মাস্ক। মাইক্রোব্লগিং সাইটটির ভেরিফিকেশন নীতিমালা এর মধ্যে সবচেয়ে আলোচিত। ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আলাদা পরিমাণের ফি নির্ধারণ করা হয়েছে। এতে বড় বড় তারকাও তাদের ব্লু টিক ব্যাজ খুঁইয়েছেন। তবে প্রিয় তারকাদের জন্য টুইটার সিইও নিজে এগিয়ে এসেছেন। সর্বশেষ প্রবর্তনে, মার্কিন ধনকুবের তার প্রিয় কিছু ব্যক্তির ব্লু টিকের জন্য নিজে অর্থ প্রদান করেছেন। যার মধ্যে রয়েছেন বিখ্যাত আমেরিকান লেখক স্টিফেন কিং এবং বাস্কেটবল কিংবদন্তি লিব্রন জেমস।

গিজমোচায়নার প্রতিবেদনে এসেছে, ব্লু টিকের ফি যারা প্রদান করেননি তারা সম্প্রতি ব্যাজটি হারিয়েছেন। এর মধ্যে মার্কিন বিল গেটস এবং বলিউড তারকা শাহরুখ খানসহ অনেক বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন। তবে টুইটার সিইওর প্রিয় তারকারা পেয়েছেন বিশেষ সুবিধা। নীতিমালা কঠোরভাবে পরিচালনার পাশাপাশি প্রিয় তারকাদের জন্য ইলোন মাস্ক বেশ উদার হয়েছেন। ব্যক্তিগতভাবে প্রদান করেছেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটিতে থাকা তার প্রিয় কয়েকজন তারকার ব্লু টিকের ফি।

প্রতিবেদনের তথ্য বলছে, টুইটারের নতুন নীতি অনুযায়ী ব্যবহারকারীদের একটি ব্লু ভেরিফিকেশন ব্যাজ পেতে অর্থ প্রদানের পরিষেবা, টুইটার ব্লু সাবস্ক্রাইব করতে হবে। তবে কিছু তারকা এ নীতি থেকে অব্যাহতি পেয়েছেন। স্টিফেন কিং সম্প্রতি টুইট করেছেন, তিনি টুইটার ব্লুতে সাবস্ক্রাইব করেননি, কিন্তু তার অ্যাকাউন্টে একটি ব্লু টিক রয়েছে। মাস্ক তার টুইটটির জবাব দিয়ে বলেন, ‘আপনাকে স্বাগত নমস্তে।’

লিব্রন জেমস, যিনি আগে বলেছিলেন তিনি ভেরিফিকেশনের জন্য অর্থ প্রদান করবেন না। তাকেও টুইটার ব্লুতে বিনামূল্যে সাবস্ক্রিপশন দেয়া হয়েছে। তার মিডিয়া উপদেষ্টা নিশ্চিত করেছেন, লিব্রন ভেরিফিকেশনের জন্য অর্থ প্রদান করেননি। তবু তার টুইটার প্রোফাইলে এখনো একটি ব্লু ব্যাজ রয়েছে। এর অর্থ হলো, তিনি একজন ভেরিফায়েড ব্যবহারকারী।

এ ঘটনা টুইটারের ভেরিফায়েড নীতিমালা এবং তারকারা বিশেষ সুবিধা পাচ্ছেন কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছে। কিছু ব্যবহারকারী প্লাটফর্মটিকে দুই ধরনের নীত‌ির জন্য সমালোচনা করেছেন। কেননা সাধারণ ব্যবহারকারীদের ভেরিফিকেশন চার্জ দেয়া লাগলেও তারকারা এটি বিনামূল্যে পাচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নীতি ও প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার গুরুত্বকে সামনে এনেছে। টুইটারকে এ-সংক্রান্ত উদ্বেগগুলোর সমাধান করতে হবে। সব ধরনের ব্যবহারকারীর জন্য ভেরিফিকেশন সংক্রান্ত নীতিগুলো স্পষ্ট করতে হবে।