কয়েক মাস ধরে চলা গুঞ্জনের অবসান হচ্ছে। কিশোর বা টিনএজারদের হরাইজন ওয়ার্ল্ডসে প্রবেশের সুবিধা দিতে যাচ্ছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি দেয়া ঘোষণা অনুযায়ী সামনের সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র ও কানাডায় এ সুবিধা চালু করা হবে। খবর এনগ্যাজেট ও ভার্জ।

১৩-১৭ বছর বয়সীদের সুরক্ষিত অভিজ্ঞতা দিতে মেটা নিজস্ব প্লাটফর্মে কয়েকটি বাড়তি ফিচারও রাখবে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। উদাহরণ হিসেবে, নতুন এ প্লাটফর্মে ডিফলট হিসেবে ব্যবহারকারীর প্রোফাইল গোপন থাকবে। আর সম্মতি ছাড়া কোনো ব্যবহারকারীর অনলাইন স্ট্যাটাসও দেখাবে না মেটা। পাশাপাশি ভয়েস মোড নামের ফিচারও থাকবে। এর মাধ্যমে নিজের ও অন্যের কথোপকথনের স্বর পরিবর্তন করা যাবে। এতে পিপল ইউ মাইট নো ট্যাবেও কোনো অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রোফাইল দেখাবে না মেটা। বিবৃতিতে কোম্পানিটি জানায়, হরাইজন ওয়ার্ল্ডস-এ বিভিন্ন ভিআর প্যারেন্টাল সুপারভিশন টুলও থাকবে।

কিশোর বা টিনএজারদের জন্য চালু করতে যাওয়ার পরিষেবাটি প্লাটফর্মের ব্যবহারকারী বাড়াতে সহায়তা করবে এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। হরাইজন ওয়ার্ল্ডস চালুর পরিকল্পনার বিষয়টি ফেব্রুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে আসে। মার্চে এ পরিকল্পনা বন্ধের আহ্বান জানিয়ে মেটা সিইও মার্ক জাকারবার্গকে একটি চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর। চিঠিতে তারা বলেন, কম বয়সী ব্যবহারকারীর সুরক্ষায় আপনার ক্রমাগত ব্যর্থতার আলোকে মেটাভার্স তৈরির পরিকল্পনা বিশেষভাবে উদ্বেগজনক। টিনএজারদের সুরক্ষা নিয়ে ব্যর্থতার নথিভুক্ত ট্র্যাক রেকর্ড থাকায় নিজস্ব প্লাটফর্মে মা-বাবা, শিশুরোগ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও জনসাধারণের আস্থা হারিয়েছে মেটা।

চিঠিতে বিরোধিতার কথা জানানো হলেও নিজস্ব পরিকল্পনা থেকে পিছু হটেনি মেটা। টিনএজারদের সুরক্ষায় মেটার রেকর্ড নেতিবাচক। আর অর্থ উপার্জনের উদ্দেশ্যে কোম্পানিটি আবারো তরুণ ব্যবহারকারীদের ঝুঁকির মধ্যে ফেলেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া এক বিবৃতিতে জানান মার্কি।

টিনএজারদের জন্য নতুন সুবিধা দেয়ার মাধ্যমে মেটা ‘ফোর্টনাইট’ ও রোবলক্সের মতো অন্যান্য মেটাভার্স ধাঁচের প্লাটফর্মের প্রতিযোগী হিসেবে বিবেচিত হবে। এরই মধ্যে তুলনামূলক কম বয়সী ব্যবহারকারীর সুরক্ষায় বিভিন্ন বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। মেটাও শিগগিরই ওয়েব ও মোবাইল সংস্করণে হরাইজন ওয়ার্ল্ডস আনতে পারে বলে ভার্জের প্রতিবেদনে উঠে এসেছে।