চলতি বছরের শেষের দিকে স্পটিফাই হাই-ফাই উন্মোচন হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সুইডিশ স্ট্রিমিং জায়ান্টটি। নতুন এক ঘোষণায় জানায়, এ সেবা তারা ২০২২ সালে চালু করতে যাচ্ছে। খবর টেক টাইমস।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ঘোষণায় স্পটিফাই হাই-ফাই নামে লসলেস স্ট্রিমিং সার্ভিস চালুর ঘোষণা দিয়েছিল সুইডিশ জায়ান্টটি। এ সময় তাদের দাবি ছিল লসলেস অডিও ফিচারটি গ্রাহকদের বহুল কাঙ্ক্ষিত। তখন ধারণা করা হয়েছিল, ২০২১-এর কোনো এক সময় তা চালু হতে পারে।

কিন্তু ২০২১ শেষের দিকে এলেও স্পটিফাই হাই-ফাই চালুর কোনো আলামত দেখা যাচ্ছে না। দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, লসলেস মিউজিক নিয়ে কাজে ব্যাপক অগ্রগতি করেছে স্পটিফাই। আগামী বছরেই চালু হতে পারে তা।

অ্যাপল মিউজিক এরই মধ্যে একই ধরনের ফিচার চালু করেছে। অডিও স্ট্রিমিং অ্যাপ টাইডাল ও অ্যামাজনের মতো প্লাটফর্মও তাদের অডিও কোয়ালিটিতে বেশ উন্নতি করেছে। কিন্তু প্রিমিয়াম স্ট্রিমিং সেবা হাই-ফাই নিয়ে এখনো তেমন সুখবর জানাতে পারেনি স্পটিফাই।

লসলেস সার্ভিসে সিডি কোয়ালিটির স্ট্রিমিং সুবিধা পাওয়া যায়।