ফেসবুক ও সোস্যাল জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নতুন ব্র্যান্ড নাম করা হয়েছে মেটা। বিশ্বজুড়ে সোস্যাল মিডিয়া জায়ান্টটির যে ধরনের সমালোচনা হচ্ছে এবং তদারককারী সংস্থাগুলোর কড়া নিয়ন্ত্রণের মুখোমুখি হতে হচ্ছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে ব্র্যান্ড নামে পরিবর্তন সহায়ক হবে বলে মনে করছিলেন কর্তাব্যক্তিরা। কিন্তু মেটা নামকরণে এ প্রযুক্তি বিশেষজ্ঞ থেকে শুরু করে সাবেক কর্মীদের কড়া সমালোচনার মুখোমুখি হচ্ছেন সিইও মার্ক জাকারবার্গ। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন বলছেন, নাম পরিবর্তনে সম্পদ ব্যয় না করে মার্ক জাকারবার্গের উচিত শীর্ষ নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো। পর্তুগালের রাজধানী লিসবনে সোমবার শুরু হয়েছে ওয়েব সামিট। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে হাজারো দর্শকের সামনে হাউগেন বলেন, মার্ক জাকারবার্গ যদি সিইও থাকেন, তবে প্রতিষ্ঠানটি বদলাবে বলে আমার মনে হয় না। জাকারবার্গের পদত্যাগ করা উচিত কিনা, এমন প্রশ্নের উত্তরে হাউগেন সে মন্তব্য করেন।

ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০০ কোটি ছুঁই ছুঁই। গত সপ্তাহে জাকারবার্গ ফেসবুকের মূল প্রতিষ্ঠান ফেসবুক ইনকরপোরেটেডের নাম পরিবর্তন করে মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড করার ঘোষণা দেন। ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম সেবাগুলোকে মেটাভার্সের ভার্চুয়াল জগতে যুক্ত করার ইচ্ছা থেকেই এমন উদ্যোগ নেন তিনি। যেখানে প্রত্যেকের অ্যাভাটার থাকবে, ত্রিমাত্রিক জগতে একে অপরের সঙ্গে যোগাযোগ-কাজকর্ম সারা যাবে। জাকারবার্গ মেটাভার্সকে ফেসবুকের ভবিষ্যত্ বলছেন।

তবে মেটাভার্স নিয়ে যারা আগে থেকেই কাজ করছেন, তারা ফেসবুকের ব্র্যান্ড পুনর্গঠনকে বিদ্যমান ধারণাকে নতুন করে উপস্থাপন করে অর্থ আয়ের কৌশল হিসেবেই দেখছেন। কারণ, মেটাভার্স জাকারবার্গ বা ফেসবুকের উদ্ভাবন নয়, বরং ফেসবুক সম্প্রতি যে দুর্নাম আর কেলেঙ্কারির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তা থেকে উতরে যাওয়ার চেষ্টা হিসেবেই ফেসবুকের নামবদল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।