তাইওয়ান নিজস্ব ব্যবস্থাপনায় জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পদ্ধতি তৈরির প্রক্রিয়ায় রয়েছে। তাইওয়ানের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিলের (এনএসটিসি) প্রধান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যে সফরকালে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এনএসটিসি প্রধান উ সাং-সং এনএসটিসি প্রধান বলেন, ‘এআই প্রযুক্তি বিকাশের লক্ষ্যে এরই মধ্যে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের থেকে পাওয়া প্রম্পটের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডাটা তৈরিতে সক্ষম হবে এ প্রযুক্তি।’
নতুন উদ্ভাবিত এ প্রযুক্তির নামকরণ হয়েছে ‘ট্রাস্টওর্থি এআই ডায়ালগ ইঞ্জিন (টিএআইডিই)’ নামে। এতে তাইওয়ানের ফিচার যুক্ত করা হবে। পাশাপাশি এটি ঐতিহ্যবাহী চীনা ভাষায় কাজ করবে। মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের তৈরি এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র বিপরীতে ‘টিএআইডিই’ মূলত বিভিন্ন সরকারি সংস্থার জন্য কাস্টমাইজড এআই অ্যাপ্লিকেশন সরবরাহের দিকে মনোনিবেশ করবে।
উর মতে, এআইয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এমন একটি আইনও প্রস্তুত করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে পরবর্তী অধিবেশন শুরুর আগে আইনসভায় জমা দেয়ার জন্য এটা সম্পন্ন করা হবে।
এআই নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাজ্য শিগগিরই প্রথম বৃহৎ বৈশ্বিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। ব্রিটিশ সরকারের মতে, এ সম্মেলনে এআইয়ের ঝুঁকিগুলো বিবেচনা করা হবে। আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কীভাবে এসব ঝুঁকি মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। এআইয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় যুক্তরাষ্ট্র ও চীনের পরেই তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।










