সেলফোন নেটওয়ার্কিংয়ে বর্তমানে ফাইভজি চলমান। উন্নত দেশগুলো সিক্সজি চালুতে কাজ করছে। এর মধ্যে আরেকটি ফাইভজি নেটওয়ার্ক পরিষেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে মালয়েশিয়া। এ বিষয়ে অবগত চারটি সূত্রে তথ্য জানা গেছে। 

রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, মূলত দেশটিতে বিদ্যমান একচেটিয়া ক্ষমতা ভেঙে দেয়ার পাশাপাশি প্রতিযোগিতা তৈরি করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এ উদ্যোগ। ২০২১ সালের ডিসেম্বরে দেশটিতে প্রথম ফাইভজি পরিষেবা চালু করে ডিজিটাল ন্যাশনাল বারহাদ (ডিএসবি)। কিন্তু এরপর থেকে দাম ও স্বচ্ছতার বিষয়ে এ খাতে উদ্বেগ তৈরি হতে থাকে। এছাড়া সরকার নিয়ন্ত্রিত নেটওয়ার্কের কারণে একচেটিয়া বাজার তৈরির শঙ্কাকেও প্রাধান্য দেয়া হয়।

গত বছরের নভেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনোয়ার। এরপর থেকে কয়েক কোটি ডলারের সরকারি প্রকল্প পর্যবেক্ষণের কথা জানান। মূলত শাসনকাজকে শক্তিশাল করতে ও অপব্যয় রোধে এ উদ্যোগ নেন তিনি। এছাড়া অধিবাসীরা যেন যথাযথ পরিষেবা পায় সেজন্য বাজার প্রতিযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন।

আগামী জানুয়ারি থেকে আরেকটি ফাইভজি নেটওয়ার্ক চালু করতে কাজ করছে প্রধানমন্ত্রী আনোয়ারের সরকার। বাজারে ডিএনবির যে একচেটিয়া আধিপত্য রোধে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চারটি সূত্র রয়টার্সকে এ কথা জানিয়েছে। তবে দেশটির যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয় জানায়, ফাইভজির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এক খুদে বার্তায় যোগাযোগমন্ত্রীর প্রেস সচিব আহমাদ ফিরদাউস জানান, নতুন নেটওয়ার্ক চালুর বিষয়টি এখনো পর্যালোচনা করা হচ্ছে। এর আগে গত বছর দেশটির শীর্ষ টেলিকমিউনিকেশন কোম্পানি দ্বিতীয় ফাইভজি নেটওয়ার্ক চালুর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে বছরের মার্চে আগের সরকার তা বাতিল করে দেয়।