সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালকে গুগল প্লে থেকে নিষিদ্ধ করেছে গুগল। নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ফলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ট্রাম্পের অ্যাপটি ডাউনলোড করা কঠিন হবে। খবর বিবিসি।

গুগল বলেছে, ট্রাম্পের এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শারীরিক হুমকি এবং সহিংসতার প্ররোচনার মতো বিষয়বস্তু নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের নীতিমালা লঙ্ঘন করেছে। তাই গুগল প্লে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালকে নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য ট্রুথ সোশ্যালের সিইও ডেভিন নুনেস আগেই গুগলকে ‘একচেটিয়া’ অধিকার প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান বলে অভিহিত করেছিলেন।

গুগলের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন গত ১৯ আগস্ট  ট্রুথ সোশ্যালকে স্ট্যান্ডার্ড নীতিমালা লঙ্ঘনের বিষয়ে অবহিত করা হয়েছে। এসব সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়েও ট্রুথ সোশ্যালকে পরামর্শ দেয়া হয়েছে। গুগলের এ সর্বশেষ সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রুথ সোশ্যাল।

বিবিসি বলছে, ট্রুথ সোশ্যাল চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপলের অ্যাপ স্টোরে চালু হয়। যদিও সূচনালগ্ন থেকেই এটি নানা সমস্যার মধ্যে ছিল। তবে ট্রুথ সোশ্যাল অ্যাপটি গুগল প্লে-তে পাওয়া যায় না। মূলত গুগলের এ প্লাটফর্মের মাধ্যমেই বেশিরভাগ অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা হয়। গত সপ্তাহে ট্রুথ সোশ্যাল-এর সিইও বলেছিলেন, তাদের অ্যাপটি (প্লে স্টোরে) পাওয়া যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ‘গুগল প্লে স্টোর’। কিন্তু গুগল ট্রুথ সোশ্যালকে নিয়ম মেনে চলতে অনুরোধ করেছে।