একটি নতুন অটোমোটিভ সেমিকন্ডাক্টর নির্মাণ কোম্পানিতে বিনিয়োগ করতে যাচ্ছে মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। স্টার্টআপ কোম্পানিটির নাম বিওএস বা বস সেমিকন্ডাক্টরস। কোম্পানিটি মূলত অটোমোবাইল সফটওয়্যারে ব্যবহূত সিস্টেম সেমিকন্ডাক্টর তৈরি করে থাকে। খবর জাস্ট অটো।

তুলনামূলক কম শক্তি ব্যবহার করে চলতে পারে এমন উচ্চক্ষমতাসম্পন্ন সেমিকন্ডাক্টর তৈরি করাই স্টার্টআপ কোম্পানিটির মূল উদ্দেশ্য। এছাড়া অটোমোবাইল সেমিকন্ডাক্টরের জন্য প্রয়োজনীয় সিপিইউ এবং হাই-স্পিড ইন্টারফেস তৈরি করাও এর লক্ষ্য।

সম্প্রতি একটি বৈঠকে নতুন বিনিয়োগের বিষয়ে হুন্দাই মোটর গ্রুপ তাদের পরিকল্পনার কথা বলে। অটোমোবাইল খাতে ব্যবহূত সেমিকন্ডাক্টরের উন্নতিকল্পে তারা বিভিন্ন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছে। হুন্দাইয়ের প্রেসিডেন্ট ও প্রধান উদ্ভাবন কর্মকর্তা চি ইয়ং-চো নতুন এ বিনিয়োগ নিয়ে বেশ আশাবাদী। বস সেমিকন্ডাক্টরের ভবিষ্যৎ বিভিন্ন কর্মযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও জানান তিনি।

২০২২ সালে বিওএস সেমিকন্ডাক্টরের যাত্রা। বর্তমানে এটি বৈশ্বিক ফ্যাবলেস প্রতিষ্ঠানে পরিণত হতে চাইছে। এ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি অটোমোটিভভিত্তিক সেমিকন্ডাক্টর প্রযুক্তির সন্ধানে কাজ করবে।