নর্ডিক ও এশীয় অঞ্চলে নিজেদের কার্যক্রম আরো শক্তিশালী করতে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমে পরিবর্তন এনেছে টেলিনর। এ প্রক্রিয়ার মধ্যে অবকাঠামো ও সংশ্লিষ্ট পরিষেবা খাতে নতুন ইউনিট তৈরির ঘোষণা দিয়েছে নরওয়ে ভিত্তিক টেলিকম জায়ান্টটি।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানায় টেলিনর গ্রুপ।
এ পরিবর্তন প্রসঙ্গে টেলিনর প্রেসিডেন্ট ও সিইও সিগবে ব্রেককে জানান, ব্যবসায়িক অঞ্চলকে শক্তিশালী করা এবং আরো স্বাধীনতা দানে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। সে উদ্দেশ্যে এ পরিবর্তন, যা তাদের গ্রাহকের আরো কাছাকাছি নিয়ে যাবে ও সব ব্যবসার মধ্যে সমন্বয় করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বায়ত্তশাসিত এশিয়া অঞ্চলের নেতৃত্বে আছেন ইয়র্গেন সি অ্যারেন্টজ রোস্ট্রাপ। থাইল্যান্ড ও মালয়েশিয়ার ব্যবসা একীভূতকরণে সিঙ্গাপুরে টেলিনরের আঞ্চলিক কার্যালয়কে শক্তিশালী করা হয়েছে। রোস্টুপের দায়িত্বে আছে বাংলাদেশ ও পাকিস্তানের কার্যক্রমও।
টেলিনর নর্ডিকসের নতুন প্রধান পিটার-বোর ফুরবের্গের অধীনে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডের ব্যবসায়িক ইউনিট পরিচালিত হবে। টেলিনর নরওয়েসহ সব নর্ডিক কোম্পানির প্রতিনিধিত্ব করবেন তিনি।
পরিষেবা বিষয়ক নতুন ইউনিটের দায়িত্বে থাকছেন দান ওখতেরলোনি। তার নেতৃত্বে এ ইউনিট বিদ্যমান ও সম্ভাব্য নতুন পরিষেবার উন্নয়নে কাজ করবে। নর্ডিক অঞ্চলে অবকাঠামো ইউনিটের নেতৃত্ব দেবেন ইয়ানিক হিলান্ড। এ ছাড়া টেলিনর নরওয়ের নতুন সিইও হিসেবে বির্গিত এঙ্গেব্রেৎসেনকে নিয়োগ দিয়েছে বোর্ড।
টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট সিগবে ব্রেককে ছাড়াও এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমে আরো আছেন ইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার টনি হেগলান্ড বাখকে, ইভিপি ও চিফ টেকনোলজি অফিসার রুজা সাবানোভিচ এবং এভিপি ও চিফ পিপল সাসটেনাবিলিটি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন্স অফিসার রিতা স্কিয়েরভিক। টিম থেকে বাদ পড়া সেসিলি হয়েখ নর্ডিকে সিএইচআরও হিসেবে নিয়োগ পেয়েছে।
নতুন এই এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট আগামী ১ সেপ্টেম্বর থেকে কাজ করবে। তবে নতুন দুই ইউনিটের কাজ শুরু হবে আরো কিছুদিন পর।










